২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বর্ণিল বিজয় দিবস উদযাপন

বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান করেছে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে থাকা প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ ক্লাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সুব্রত রিপন, নিউজিল্যান্ডের ক্রাইসটচার্চ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2017, 06:42 PM

Updated : 11 Oct 2022, 02:51 PM

প্রবাসীদের সুবিধায় বিজয় দিবসের দিন শনিবার থাকলেও স্থানীয় সময় রোববার ছুটির দিনে ওই কর্মসূচির আয়োজন করা হয়। 

দেশিয় পোশাকে বাংলাদেশিদের অংশগ্রহণ অনুষ্ঠানটিকে রঙিন করে তোলে। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বাংলদেশি গান, নাচ, কবিতাসহ নানা ধরনের কার্যক্রম অনুষ্ঠিত হয়।  

বিজয় দিবসের এই অনুষ্ঠানটিতে অংশ নেওয়া একজন বাংলাদেশি নাজমুন নাহার শম্পা।

তিনি বলেন, “আমি মাত্র আড়াই মাস আগে নিউজিল্যান্ডে এসেছি। এখানে আসার পর মনে হল সবকিছু স্বপ্নের মতো সুন্দর, কিন্তু বাংলাদেশের মানুষ এবং বাঙালি উৎসব অনেক মিস করতাম। ক্রাইস্টচার্চে এতো বাঙালি আছে আমার জানা ছিল না।

“বিজয় দিবসের অনুষ্ঠানে গিয়ে নতুন অনেকের সাথে পরিচয় হয়, অন্যান্যদের সাথে আমিও গানসহ অন্যান্য কার্যক্রমে অংশ নিয়েছি। বাংলাদেশ থেকে এতো দূরে থেকে শত ব্যস্ততার মাঝেও সবাই এতো সুন্দর এবং স্বত:স্ফূর্ত আয়োজন আমাকে বিস্মিত করেছে।”

নিউজিল্যান্ডে পড়াশোনা শেষ করে চাকরি বাংলাদেশি এম রিপন আহমেদ।

তিনি বলেন, “কাল সোমবার, অনেক সকালে অফিসে যাওয়ার ব্যস্ততা। ভেবেছিলাম আসা হবে না, কিন্তু মন টিকছিলো না। বাংলাদেশি ভাইবোনদের সাথে বিজয় দিবস উৎযাপনের এই আনন্দ ‘মিস’ করতে চাইনি। তাই চলে এসেছি, দেশের গান গেয়েছি।

“সবার সাথে দেখা হয়েছে, এমন সুযোগ বিদেশের মাটিতে সত্যিই পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার।এই শহরে যখন আমি নতুন এসেছিলম তখন খুব কম বাংলাদেশিদের চিনতাম। কিন্তু বাংলাদেশ ক্লাব সংগঠনটি আমাদের অনেকের সাথে সাক্ষাতের সুযোগ করে দিয়েছে। আজ এই মহান বিজয় দিবসের অনুষ্ঠানে এসে মনে হলো এ যেন এক খণ্ড সোনার বাংলা।”     

ক্রাইস্টচার্চে দীর্ঘদিন বসবাস করা আরেকজন বাংলাদেশি রওশন আরা।

তিনি বলেন, “আমরা যখন এদেশে এসেছিলাম তখন বাংলাদেশি ছিল না বললেই চলে। মাঝে মাঝে বাংলা ভাষা বলার জন্য মন ছটফট করতো কিন্তু কিছুই করার ছিলোনা। এখন অনেক বাংলাদেশি নিউজিল্যান্ডে আসছে। 

“এটা খুবই একটা ভালো লক্ষণ। বিভিন্ন পেশাজীবীর প্রবাসী বাংলাদেশি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যা বাংলাদেশের অর্থনীতিতে অনেক বড় প্রভাব ফেলছে।”

অনুষ্ঠানটির অন্যতম আয়োজক নরেন দাশ বলেন, “আমাদের ইচ্ছা করে দেশকে নিয়ে কিছু করতে। আমরা সবাই সুযোগের সন্ধানে থাকি।  কিন্তু সবার সময়ের সাথে মিল রেখে বিদেশের মাটিতে কোনো কিছু আয়োজন করা অনেক কঠিন ব্যাপার।” 

“তবুও আমাদের এ আয়োজনে সবার সহযোগিতা প্রশংসনীয়।  আমরা চাই ভবিষ্যতে আমরা আমাদের দেশ নিয়ে আরো কিছু করতে চাই।  আমরা চাই অন্যান্য দেশের সাথে সাথে বাংলাদেশকেও নিউজিল্যান্ডের মানুষ চিনুক। অবাক ব্যাপার হলো এখানকার অনেক নামীদামী দোকানে আমাদের দেশের তৈরি পোশাক পাওয়া যায়, তাছাড়া বাংলাদেশের ক্রিকেট বিদেশিদের কাছে বাংলাদেশকে চেনানোর একটি অন্যতম মাধ্যম।”

তবে তিনি নিউজিল্যান্ডে বাংলাদেশ হাই কমিশন না থাকার কথা উল্লেখ করে বলেন, “যেকোনও কাজে আমাদের অস্ট্রেলিয়াতে গিয়ে বাংলাদেশ হাইকমিশন এর সাহায্য নিতে হয়। যেমন ধরুন- পাসপোর্ট অথবা পুলিশ ক্লিয়ারেন্স এসব কাজ অনেকসময় আমাদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। তাই আমি বাংলাদেশ সরকারকে নিউজিল্যান্ডে একটি হাই কমিশনের একটি শাখা খোলার আহ্বান জানাই।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!