২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ সদর দপ্তরে অভিবাসী দিবসের আলোচনা

জাতিসংঘ সদর দপ্তরে অভিবাসী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2017, 10:37 AM

Updated : 19 Aug 2022, 06:13 PM

স্থানীয় সময় সোমবার ‘অভিবাসনের সত্যান্বেষণ: বিশ্ব অভিবাসন রিপোর্ট ২০১৮ ও অভিবাসন ব্যবস্থাপনার নির্দেশক এর উদ্বোধন’ শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির সহ-আয়োজক ছিল বাংলাদেশ ও পর্তুগাল।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আইওএম-এর মহাপরিচালক রাষ্ট্রদূত উইলিয়াম ল্যাসি সুইং। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ও পর্তুগালের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ফ্রান্সসিসকো ডুয়ারর্টে লোপেজ এতে স্বাগত বক্তব্য দেন।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রদূত মাসুদ প্রধানমন্ত্রীর বাণীর অংশবিশেষ পড়ে শোনান। রাষ্ট্রদূত বলেন, “প্রবাসী বাংলাদেশি নাগরিকদের পাঠানো রেমিটেন্স গ্রহণকারী দেশ হিসেবে বাংলাদেশ একটি শীর্ষস্থানীয় দেশ। আমরা সবসময়ই ন্যায়সঙ্গত জনশক্তির নিয়োগ, এর নতুন নতুন দ্বার উন্মোচন, আইনানুগ অভিবাসন, উপযুক্ত কর্ম-পরিবেশ, পরিবারের সদস্যসহ অভিবাসীদের অধিকার সংরক্ষণ, রেমিটেন্স পাঠানোর খরচ কমানো ইত্যাদি বিষয়গুলোর জন্য সকল ফোরামে কথা বলে আসছি। তাছাড়া রূপকল্প ২০২১ ও  রূপকল্প ২০৪১ বাস্তবায়নের অন্যতম নিয়ামক হিসেবে অভিবাসনকে আমরা জাতীয় উন্নয়ন নীতিমালায় সম্পৃক্ত করেছি।”

অভিবাসীদের অধিকারের কথা উল্লেখ করে স্থায়ী প্রতিনিধি বলেন, “নিয়মতান্ত্রিক ও নিয়মিত অভিবাসন কমপ্যাক্ট গ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং অভিবাসন ব্যবস্থাপনাকে শক্তিশালী করা; জাতীয় নীতিমালায় সুনির্দিষ্টভাবে অভিবাসনকে স্থান দেওয়া ও অভিবাসনের ফলপ্রসু ব্যবস্থাপনার জন্য পারস্পরিক বোঝাপড়াকে সুদৃঢ় করা -এসবের জন্য বৈশ্বিকভাবে সকলকে এগিয়ে আসা দরকার।”

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বিষয়ে রাষ্ট্রদূত মাসুদ বলেন, “সম্পদের অপ্রতুলতা সত্ত্বেও সামর্থের সবটুকু দিয়ে বাংলাদেশ সরকার মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে ও আইওএমসহ  জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে সাথে নিয়ে বাংলাদেশ দ্বি-পাক্ষিকভাবে এই সমস্যা সমাধানে নিয়োজিত রয়েছে। এক্ষেত্রে আইওএম -এর ভূমিকা অত্যন্ত প্রসংশনীয়।”

অনুষ্ঠানটিতে প্যানেল আলোচনায় অংশ নেন আইওএম -এর মাইগ্রেশন রিসার্চ বিভাগের প্রধান ম্যারি ম্যাকাওলিফি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উইলিয়াম অ্যালেন, জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিভাগের প্রধান জনমিতিক বিশ্লেষক জর্জ ব্রাভো, আইওএম-এর সিনিয়র অ্যানালিস্ট সুসামি মেলদি ও আইওএম-এর পলিসি অফিসার ডেভিড মার্টিনিউ।

প্যানেল আলোচনা অনুষ্ঠানের মডারেটর ছিলেন জাতিসংঘ মহাসচিবের আন্তর্জাতিক অভিবাসন সংক্রান্ত বিশেষ প্রতিনিধির কার্যালয়ের ইভা আকারম্যান বোর্জে।

এরপর রাষ্ট্রদূত অভিবাসী দিবস উপলক্ষে ইউনিসেফ ও আইওএম আয়োজিত আলোচনা অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনীতে অংশ নেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজ, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি মিরোস্লাভ লাইচ্যাক, আইওএম -এর মহাপরিচালক রাষ্ট্রদূত উইলিয়াম ল্যাসি সুইং ও ইউনিসেফ-এর নির্বাহী পরিচালক উইলিয়াম অ্যান্থনি ক্রিসপ লেক ইউনিসেফ ও আইওএম  আয়োজিত আলোচনা অনুষ্ঠানটিতে অংশ নেন।

এছাড়া দিনব্যাপী জাতিসংঘ ও এর আওতাধীন অন্যান্য সংস্থা আয়োজিত ইভেন্টগুলোতেও বাংলাদেশ মিশন অংশ নেয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!