আবুধাবীতে অভিবাসী দিবস পালন
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীর বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও ফ্রী মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
আজ সোমবার স্থানীয় সময় সকালে অনুষ্ঠিত ওই আযোজনের প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য নূরজাহান বেগম মুক্তা।
রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের সভাপতিত্বে এবং প্রথম সচিব (পাসপোর্ট) মোহাম্মদ রিয়াজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রথমেই দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী,পররাষ্ট্র মন্ত্রী,প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ও মন্ত্রণালয়ের সচিবের বাণী পাঠ করে শোনানো হয়।
পাঠ করেন যথাক্রমে দূতাবাসের মিনিস্টার ইকবাল হোসেন খান, কাউন্সেলর (রাজনৈতিক) শহীদুজ্জামান ফারুকী,শ্রম কাউন্সেলার আরমান উল্লাহ চৌধুরী, প্রথম সচিব (শ্রম) এম মোকছেদ আলী ও মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
আন্তর্জাতিক আভিবাসী দিবস উপলক্ষে বক্তব্য উপস্থাপন করেন দূতাবাসের শ্রম কাউন্সেলর আরমান উল্লাহ চৌধুরী।
দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল "নিরাপদ অভিবাসন যেখানে,টেকসই উন্নয়ন সেখানে।"
রপর অনুষ্ঠিত মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অন্যান্যের মধ্যে অংশ নেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবীর সভাপতি ইফতেখার হোসেন বাবুলসহ কম্যুনিটি নেতা ও গণমাধ্যম কর্মীরা।
সংসদ সদস্য নূরজাহান বেগম মুক্তা বলেন, “প্রবাসীরা দেশের অমূল্য সম্পদ। তাদের পাঠানো রেমিট্যান্সের কারণে দেশ আজ উন্নতির শিখরে,তাই তাদের সযত্নে লালন পালন করতে হবে।প্রবাসীরা যখন দেশ থেকে বিদেশে যায় কাজ করার জন্য তখন তার জন্য বুথ থাকে কিন্তু ফেরার সময় থাকে না। এ নিয়ে আমি সংসদে নোট দিয়েছি।"
তিনি প্রবাসীদের বিমান বন্দরে হয়রানি ‘মেনে না নেওয়ার’ ব্যাপারে সোচ্চার হতেও আহ্বান জানান।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত দূতাবাসে সেবার মান প্রসঙ্গে বলেন,"আমাদের ইচ্ছার কমতি নেই। যারা দূতাবাসে সেবা নিতে আসেন তারা যেন সন্তুষ্ট হয়ে ফিরতে পারেন আমরা সে চেষ্টা করে যাচ্ছি।"
এ উপলক্ষে নিউ মেডিক্যাল সেন্টারের সহযোগিতায় বিনা পয়সায় মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। দুবাই কন্স্যুলেটও নানা আনুষ্ঠানিকতায় আন্তর্জাতিক আভিবাসী দিবস পালন করেছে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
