২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়া দূতাবাসে বিজয় দিবস পালন

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিজয় দিবস পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শায়মা জাহান তিথি, লিবিয়ার সিরত থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2017, 08:43 PM

Updated : 11 Oct 2022, 02:51 PM

স্থানীয় সময় শনিবার দুপুরে রাজধানী ত্রিপোলির বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত সেখ সেকেন্দার আলী আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান কর্মসূচির প্রথম পর্বের সূচনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিবিয়ায় কাউন্সেলর(শ্রম) আসম আশরাফুল ইসলাম, প্রথম সচিব(শ্রম) মো. আলম মোস্তফা, বাংলাদেশ কমিউনিটি স্কুল ও কলেজের কার্যকরী পরিষদের সদস্য মো. দারুল ইসলাম, মো: শাহজালাল এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: শিহাব উদ্দীন।

এছাড়াও ছিলেন স্কুল ও কলেজের শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক-অভিভাবিকারা এবং প্রবাসী অতিথিরা।

অনুষ্ঠানমালার দ্বিতীয় পর্বে মধ্যাহ্নভোজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ পর্বে ত্রিপলীতে বসবাসরত সকল স্তরের প্রবাসী নাগরিকগণ পরিবার-পরিজনসহ উপস্থিত ছিলেন। একই সাথে আমন্ত্রিত লিবিয়ার অতিথিরাও  উপস্থিত ছিলেন। এছাড়াও লিবিয়ার বেনগাজী থেকে কয়েকটি পরিবার এ পর্বের অনুষ্ঠানমালায় অংশ নেন।

রাষ্ট্রদূতের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ওই আলোচনা সভায় রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

আলোচনা সভায় বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য দেন মো. দারুল ইসলাম, মো. শাহজালাল এবং বেনগাজী প্রবাসী মোহাম্মদ শাহাদাত হোসাইন।

সভায় বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরেন এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন।

রাষ্ট্রদূত সেখ সেকেন্দার আলী তার বক্তৃতায় মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি মুক্তিযুদ্ধের লক্ষ্য ও চেতনা বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে আরও বেশি অবদান রেখে, দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে সোনার বাংলা গড়ার জন্য সকলকে মিলেমিশে কাজ করার আহ্বান জানান।

একই সাথে লিবিয়া প্রবাসী সকল বাংলাদেশির কল্যাণে এবং দেশের ভাবমূর্তি বর্ধন ও স্বার্থ সংরক্ষণে সকলে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এরপর মহান স্বাধীনতা সংগ্রামে শাহাদাতবরণকারী শহীদদের এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গসহ সকল শহিদের আত্মার মাগফিরাত এবং দেশের সুখ, শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!