২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াদ ও জেদ্দা দূতাবাসের ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ পালন

সৌদি আরবের রিয়াদে ও জেদ্দায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১৭’ উদযাপিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

মো.শফি উল্লাহ, সৌদি আরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2017, 07:55 PM

Updated : 11 Oct 2022, 02:51 PM

স্হানীয় সময় সোমবার সকালে বাংলাদেশ দূতাবাসে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০১৭’ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে।

নিরাপদ অভিবাসন যেখানে টেকসই উন্নয়ন সেখানে’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মাধ্যমে আয়োজিত আলোচনা সভায় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা, কমিউনিটির নেতারা,শিক্ষক, চিকিৎসক, পেশাজীবী ও ব্যবসায়ীসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী,পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী,প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ও সচিবের বাণী পাঠ করা হয়।

Image
রিয়াদে বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন

রিয়াদে বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন

আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন, “বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের ব্যাপক অবদান রয়েছে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন সকল রেকর্ড অতিক্রম করেছে।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ‘প্রবাসী বান্ধব’ উল্লেখ করে বলেন, “প্রবাসীদের বিভিন্ন সুবিধা দিতে প্রবাসী কল্যাণ কার্ড বিতরণ করা হচ্ছে, যে কার্ডের মাধ্যমে প্রবাসীরা নানা রকম সুবিধা পাবেন।

“সৌদি আরবে প্রায় বিশ লাখ প্রবাসী বাংলাদেশিকে দূতাবাসের সেবা সহজে দেওয়ার জন্য এটুআই প্রকল্পের আওতায় প্রবাসী সেবাকেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব সেবাকেন্দ্র থেকে প্রবাসীরা পাসপোর্ট রি-ইস্যুসহ বিভিন্ন রকম প্রয়োজনীয় সেবা নিতে পারবেন। এছাড়া সৌদি পোস্টের মাধ্যমেও এ সব কাজ সম্পন্ন করা হচ্ছে যাতে প্রবাসীদের সময় ও অর্থ সাশ্রয় হয়।”

রাষ্ট্রদূত গোলাম মসীহ জানান, প্রবাসীদের আরও ভালোভাবে ব্যাংকিং সুবিধা দিতে বাংলাদেশি একটি ব্যাংককে সৌদি আরবে কার্যক্রম পরিচালনার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়া প্রবাসীদের বীমা চালুর উদ্যোগের কথাও বলেন তিনি।

আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে স্বাগত বক্তব্য দেন দূতাবাসের শ্রম কাউন্সেলর সারওয়ার আলম।

Image
জেদ্দায় বাংলাদেশ কনসুলেট জেনারেলের অফিসে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন

জেদ্দায় বাংলাদেশ কনসুলেট জেনারেলের অফিসে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন

দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভায় আরো বক্তব্য দেন দূতাবাসের ডিফেন্স অ্যাটাচে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহ আলম চৌধুরী।

উন্মুক্ত আলোচনায় প্রবাসির ও কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য দেন। বক্তারা প্রবাসীদের জন্য স্মার্ট কার্ড প্রাপ্তি ও পেনশন স্কিম চালুর দাবি জানান।

আলোচনা শেষে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার তুলে দেন রাষ্ট্রদূত গোলাম মসীহ।

এরপর সকল অভিবাসী বাংলাদেশি নাগরিক ও জাতির সুখ সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এ সময় দিবসটি উপলক্ষে সৌদি প্রবাসী বাবসায়ী মনিরুল ইসলাম গৃহপরিচারিকা ভিসায় সৌদি আরব আগত বাংলাদেশি মহিলাদের জন্য চারশ’ শীতবস্ত্র বিতরণ করেন।

এছাড়া প্রবাসীদের জন্য দূতাবাস প্রাঙ্গণে ফ্রি মেডিক্যাল চেকআপ দেয় ঢাকা মেডিক্যাল সেন্টার ও প্রবাসী চিকিৎসক শাহ আলম।।

এদিকে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দাও একই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!