২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডনিতে ক্যাম্বেলটাউন বাংলা স্কুলে বিজয় উৎসব

বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ৪৬ বছর পূর্তি ও বিজয় দিবস পালন করেছে অস্ট্রেলিয়ার ক্যাম্বেলটাউন বাংলা স্কুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2017, 03:23 PM

Updated : 11 Oct 2022, 02:51 PM

রোববার সিডনিতে স্কুলটির প্রাঙ্গনে এ উপলক্ষে বিজয় উৎসবের আয়োজন করা হয়।

স্থানীয় সময় সকাল এগারোটায় সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এরপর অস্ট্রেলিয় আদিবাসীদের ঐতিহ্য ও কৃষ্টির প্রতি সম্মান জানানো হয়।

আবৃত্তি নিয়ে আসা টুনটুনি শাখার শিশুদের পরিবেশনা দর্শক-শ্রোতাদের মধ্যে আগ্রহ তৈরি করে।

অরুপার ‘সিংহ ও বাঘের গল্প’ ও অপলার ‘মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ননা’ অতিথিদের আবেগতাড়িত করে। অর্নব ও রাবাবের কণ্ঠে ‘আমি যে ভাই যাদুওয়ালা’, অবনির কণ্ঠে ‘সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি’, নোয়ার গলায় ‘টুকটুকে লাল রাঙা পুতুল’, জেইনার গাওয়া ‘তুই আয়রে কাছে আয়’ গানগুলোর অসাধারণ পরিবেশনা সবার প্রশংসা কুড়াতে সক্ষম হয়।

রুশদা, তাহিয়া, ফাতিমা, জেইনা, সুবাহ, রিশিকা, লামিয়া, রিয়ানা, নুরিন, তাওহিদ, রুশনান, আলিশা ও দৃপ্ত একক আবৃত্তিতে অংশ নিয়ে সবাইকে বিমোহিত করেন।

ফাঁকে ফাঁকে সমবেত কণ্ঠে ‘ওঠ ওঠ রে’, ‘আমরা সবাই রাজা’, ‘মেঘের কোলে রোদ হেসেছে’, ‘আজি ধানের ক্ষেতে’ এবং ‘ধন ধান্য পুষ্প ভরা’ গানগুলোতে ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের ছাপ দেখা হয়।

দ্বিতীয় পর্বের আলোচনায় সভায় বক্তব্য দেন স্কুলের ব্যবস্থাপনা পর্ষদ সদস্য আবদুল জলিল। তিনি প্রবাসে বাঙালি সাংস্কৃতিক কর্মকাণ্ড প্রসারে ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের ভূমিকা ও অবদানের কথা তুলে ধরেন।

বাংলা প্রসার কমিটির সভাপতি রফিকুল ইসলাম মাধ্যমিক পর্যায়েও ছাত্র-ছাত্রীদের বাংলা স্কুল চালু করার অনুরোধ করেন।

স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান ব্যবস্থাপনা পর্ষদ সদস্য নাজমুল আহসান খান উপস্থিত দর্শক ও বিজয় উৎসব আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

উৎসবের শেষ পর্বে স্কুলটির অধ্যক্ষ রোকেয়া আহমেদের পরিচালনায় ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবর্ষ সমাপনী সনদ দেওয়া হয়। নিজ নিজ শ্রেণির শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন শিক্ষক মিলি ইসলাম, নাসরিন মোফাজ্জল ও রুমানা সিদ্দিকী।

শিক্ষার্থী সুমাইরা নুরীন খানের হাতে ‘মিনিস্টার্স অ্যাওয়ার্ড’ তুলে দেন নাজমুল আহসান খান, আবদুল জলিল ও মাসুদ চৌধুরী।

সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সাজ্জাদ চৌধুরী। শব্দ নিয়ন্ত্রণে ছিলেন মাসুদ মিথুন, তবলায় ছিলেন স্কুলের প্রাক্তন ছাত্র সজিব খান।

উপস্থাপনায় ছিলেন রুমানা সিদ্দিকী। জাতীয় স্মৃতিসৌধের ত্রিমাত্রিক ব্যাঞ্জনায় নির্মিত মঞ্চের মূল পরিকল্পনায় ছিলেন মাসুদ মিথুন ও আহমেদ সাগর। সহযোগিতায় ছিলেন ইয়াকুব আলী ও পুলক খান।

নাজমুল আহসান খানের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠান শেষে খাবার ও পানীয় পরিবেশন করা হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!