যুক্তরাষ্ট্র বিএনপির সংবাদ সম্মেলনে অভিযোগ
খালেদা জিয়া তারেকের বিরুদ্ধে সরকারি দলের অপপ্রচারণার অভিযোগ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে যুক্তরাষ্ট্র বিএনপি।
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন করে সংগঠনটি।
যুক্তরাষ্ট্র বিএনপির নেতা ও তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারপার্সন আকতার হোসেন বাদল বলেন, “মধ্যপ্রাচ্যে শপিং মল এবং প্লট ক্রয়ের কাল্পনিক অভিযোগ করে সামনের নির্বাচনে বেগম খালেদা জিয়াকে ঠেকিয়ে রাখার ষড়যন্ত্র চালাচ্ছে ক্ষমতাসীনরা। কিন্তু বাংলাদেশের মানুষ শেখ হাসিনা এবং তার সাঙ্গ-পাঙ্গদের গলাবাজিতে বিভ্রান্ত হবে না। নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপিই বিপুল বিজয় পাবে।“
এ সময় তিনি অভিযোগ জানিয়ে বলেন, “স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঠে নেমেছেন খালেদা জিয়ার জনপ্রিয়তায় ভীত হয়ে। তিনি যা ইচ্ছে তাই বলছেন জিয়া পরিবারের বিরুদ্ধে। আর এভাবেই প্রধানমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ একটি পদের ইমেজ নষ্ট করা হচ্ছে।”
বাদল আরও বলেন, “ক্ষমতা হারানোর পর হাজার কোটি টাকা লোপাটের অভিযোগে অভিযুক্ত হবার আশংকায় খালেদা জিয়া, তারেক রহমানসহ বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা-হামলার লাগাতার ঘটনা ঘটছে।”
সরকারের এমন আচরণের বিরুদ্ধে প্রবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সামনের নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে এই ঐক্যের বহিঃপ্রকাশ ঘটাতে হবে বলে মন্তব্য করেন বাদল।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও তারেক পরিষদের মহাসচিব জসীম উদ্দিন, বিএনপি নেতা কাজী আসাদুল্লাহ, হাফিজুর রহমান পিন্টু, আনিসুর রহমান, আলতাফ হোসেন ও মজিবর রহমান।
শুরুতে নিউ ইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মোহাম্মদ আতিকুর রহমানের পিতা আবু সুফিয়ান ও নিউ ইয়র্ক স্টেট বিএনপির সেক্রেটারি সাঈদুর রহমান সাঈদের স্ত্রী জহুরা খাতুনের মৃত্যুতে শোক জানিয়ে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
