২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে প্রবাসীদের টেবিল টেনিস টুর্নামেন্ট অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ স্থায়ী মিশন ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের যৌথ উদ্যোগে ‘বিজয় দিবস প্রীতি টেবিল টেনিস টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2017, 10:10 AM

Updated : 11 Oct 2022, 02:49 PM

স্থানীয় সময় রোববার নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

প্রথমবারের মতো সরকারী উদ্যোগে অনুষ্ঠিত টেবিল টেনিস টুর্নামেন্ট আয়োজনের উদ্বোধন করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ও নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো.শামীম আহসান, এনডিসি।

এসময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন মিশনের উপস্থায়ী প্রতিনিধি তারেক মো.আরিফুল ইসলাম, ডিফেন্স অ্যাডভাইজর ব্রিগেডিয়ার জেনারেল খান ফিরোজ আহমেদ এএফডব্লিউসি, পিএসসি, ইকোনমিক মিনিস্টার ইকবাল আব্দুল্লাহ্ হারুন ও নিউ ইয়র্কে বসবাসরত জাতীয় টেবিল টেনিস দলের সাবেক খেলোয়ার মোকাররাম আহমেদ।

টুর্নামেন্টে একক  প্রতিযোগিতায় অংশ নেন ২৯ জন ও দ্বৈত প্রতিযোগিতায় অংশ নেয় ১০টি দল। লটারির মাধ্যমে প্রতিযোগী নির্বাচনের পর নক আউট ভিত্তিতে খেলা শুরু হয়।

একক প্রতিযোগিতায় শেখ ইয়াসির ফরিদ এবং দ্বৈত প্রতিযোগিতায় শেখ সেলিম ও শেখ ইয়াসির ফরিদ জুটি বিজয়ী হয়। এককে রানার্স আপ  হয় মো.আসিফ চৌধুরী এবং দ্বৈতে মো.সাইফুজ্জামান ও মো.ফারুক হোসেন জুটি।

খেলা শেষে সকল অংশগ্রহণকারীকে শুভেচ্ছা পদকে ভূষিত করা হয়। চ্যাম্পিয়ন ও রানার্সআপদের ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে ক্রেস্ট প্রদানের মাধ্যমে পুরস্কৃত করা হবে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!