৭১ এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবি শাহরিয়ার কবিরের
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী পরিচালিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানিয়েছেন ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’র সভাপতি শাহরিয়ার কবির।
শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় মহাত্মা গান্ধী মিলনায়তনে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ উপলক্ষে ‘সেকুলার ফোরাম অব সুইজারল্যান্ড’ আয়োজিত ‘ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি’ শিরোনামে এক সভায় এ দাবি জানান তিনি।
আয়োজক সংগঠনের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে সভায় মূল বক্তা ছিলেন শাহরিয়ার কবির।
তিনি বলেন, “১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য বিশ্ববাসীকে এগিয়ে আসতে হবে।”
সভায় উপস্থিত আন্তর্জাতিক মানবাধিকারকর্মী ও সংস্থাগুলোকে আহ্বান জানিয়ে তিনি বলেন, “নির্মম ও বর্বরতার নিকৃষ্ট যে উদাহরণ সংঘটিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তা নজিরবিহীন।”
মিয়ানমারে রোহিঙ্গা নিপীড়নের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বিশ্ববাসীকে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। একইসঙ্গে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার দাবি জানান তিনি।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নুজহাত চৌধুরী বলেন, “সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের গণহত্যা সম্পর্কে জাতিসংঘের কাছ থেকে স্বীকৃতি আদায়ের জন্য চেষ্টা চালাতে হবে। গণহত্যার স্বীকৃতি আমাদের অধিকার। সুতরাং বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি কেবল সময়ের। গণহত্যার স্বীকৃতি দিয়ে শহীদের আত্মা যেন শান্তি পায় সেই চেষ্টা অব্যাহত রাখতে হবে।”
সভায় আরও বক্তব্য দেন- মানবাধিকারকর্মী ইতালির ফ্রান্সিসকা মারিনো, সুইজারল্যান্ডের ‘আর্থ ফোকাস ফাউন্ডেশন’ এর ভাইস প্রেসিডেন্ট নিকুলার সাফো, কার্ল গুস্তাব, কেরল স্কলার, ইরিভান সাটিয়াগো, লরেন সুবিলা, মনোজ কুরিয়ান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় নেতা মামুন আল মাহতাব, সুইডেন প্রবাসী মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, হল্যান্ড প্রবাসী বিকাশ চৌধুরী, ডেনমার্ক প্রবাসী বিদ্যুৎ বড়ুয়া, বেলজিয়াম প্রবাসী এম মোর্শেদ, ফ্রান্স প্রবাসী উদয়ন বড়ুয়া, জেনেভা প্রবাসী অরুন বড়ুয়া, যুক্তরাজ্যের মানবাধিকারকর্মী অজন্তা দেবরায়, সুইজারল্যান্ড প্রবাসী নজরুল জমাদার ও ‘সেকুলার ফোরাম অব সুইজারল্যান্ড’ এর সাধারণ সম্পাদক মাসুম খান।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
