২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানবাধিকার দিবসে জেনেভায় সেমিনার

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জেনেভায় ‘বাংলাদেশে সংখ্যালঘু নির্মূল: কারণ এবং প্রতিকার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2017, 12:11 PM

Updated : 19 Aug 2022, 06:09 PM

স্থানীয় সময় শনিবার জেনেভায় জাতিসংঘ সদর দপ্তরের সামনে মহাত্মা গান্ধী মিলনায়তনে দিবসটি উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রেসিডেন্ট ও মানবাধিকার সংগঠক শাহরিয়ার কবীর।   

জ্যামি বড়ুয়ার সঞ্চালনায় এ সেমিনারে সভাপতিত্ব করেন রেভারেন্ড জোতিশ্বর ভিক্ষু।

সুইজারল্যান্ডের ওয়ার্ল্ড কাউন্সিল অব চার্চ ও আর্থ ফোকাসের সহায়তায় বাংলাদেশ মাইনোরিটি কোয়ালিশনের এ সেমিনারে যুক্তরাজ্যের মানবাধিকার কর্মী অজন্তা দেবরায় বক্তব্য দেন।

সেমিনারে শাহরিয়ার কবীর বলেন, “বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নের স্বার্থেই ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তায় প্রশাসনকে আরও  মনোযোগী হতে হবে। কারণ, সংখ্যালঘুরা অবজ্ঞার শিকার হলে অবশিষ্ট জনগোষ্ঠীও সত্যিকারের সুখী হতে পারে না।”

শাহরিয়ার কবীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “ধর্ম-ব্যবসায়ীরা বাংলাদেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা চালিয়ে সামাজিক অস্থিরতা তৈরির ষড়যন্ত্র চালাচ্ছে। এহেন অবস্থায় অসাম্প্রদায়িক চেতনার সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। এজন্যে স্থানীয় প্রশাসনের ওপর সরকারের চাপ অব্যাহত রাখা জরুরী।”

অজন্তা দেবরায় অভিযোগ করে বলেন, “মুক্তিযুদ্ধের চেতনার সরকার রাষ্ট্র পরিচালনা করছে। এমন অবস্থায় হরহামেশা আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘুরা। এটি মেনে নেওয়া যায় না। এহেন বর্বরতার দায় ক্ষমতাসীন শেখ হাসিনা ও তার সরকার এড়াতে পারে না। মানবাধিকার সমুন্নত রাখতে না পারলে উন্নয়ন পরিক্রমা অব্যাহত রাখা সম্ভব নয়।”

সেমিনার থেকে একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানিয়ে মিয়ানমারে রোহিঙ্গা নির্মূলের সাথে জড়িতদেরও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দের কথা বলা হয়।

বাংলাদেশের সংখ্যালঘু নির্মূলের চক্রান্তে জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়েই মানবাধিকার প্রতিষ্ঠায় সরকারের আন্তরিকতার প্রমাণ দেখানো সম্ভব বলে আলোচনায় অভিমত পোষণ করা হয়। সেমিনারের উদ্ধৃতি দিয়ে নিউ ইয়র্কে মাইনোরিটি কোয়ালিশনের নেতা শিতাংশু গুহ এসব তথ্য জানান মিডিয়াকে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!