যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে প্রবাসী দম্পতি গ্রেপ্তার, পরে মুক্তি
প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি এক দম্পতি গ্রেপ্তার হয়েছেন।
অভিযুক্ত দু’জন হলেন- ‘বাংলাদেশ সোসাইটি’ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ (৬১) ও তার দ্বিতীয় স্ত্রী আন্না খালেদ (৪২)।
বৃহস্পতিবার নাসাউ কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ম্যাডেলাইন সিঙ্গাস ও নাসাউ কাউন্টি পুলিশ বিভাগ জানায়, তালাকের প্রক্রিয়ায় থাকা প্রথম স্ত্রীর নাম ও তার স্বাস্থ্য বীমা ব্যবহার করে দ্বিতীয় স্ত্রীর সন্তান প্রসবের ঘটনায় এ অভিযোগ আনা হয়।
তারা জানান, আজিজের প্রথম স্ত্রী ফারহানার এ অভিযোগের ভিত্তিতে ২৯ নভেম্বর আজিজকে গ্রেপ্তার করা হয় এবং পরদিন ৩ হাজার ডলার বন্ডে তিনি জামিন পান। আন্না খালেদকে গ্রেপ্তারের পরদিন ২৮ অক্টোবর জামিন দেওয়া হয়।
মামলার বিববরণে বলা হয়, আজিজের প্রথম স্ত্রী ফারহানা চিকিৎসার জন্য হাসপাতালে গেলে এ তথ্য উদঘাটিত হয়।
মামলায় তাদের বিরুদ্ধে পরিচয়পত্র চুরি ও স্বাস্থ্যসেবা প্রতারণার অভিযোগ আনা হয়েছে। আদালতে এ মামলা পরিচালনা করছেন সহকারী ডিস্ট্রিক্ট অ্যাটর্নি বেটি রডরিগুয়েজ।
নাসাউ পুলিশ কমিশনার প্যাট্রিক রাইডার বলেন, “ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের সমন্বয়ে এ মামলার তদন্ত চালছে। সন্তানের স্বাস্থ্য ও প্রসূতির স্বাস্থ্যও পরীক্ষা করা হচ্ছে।”
ডিস্ট্রিক্ট অ্যাটর্নি বলেন, “২০১৪ সালের সেপ্টেম্বরে মিনিওলার উইনথ্রোপ হাসপাতালের জরুরী বিভাগে গিয়েছিলেন ফারহানা। সে সময় তাকে পরীক্ষার সময় চিকিৎসক জানতে চান যে, আগে নেওয়া ঔষধ কোন উপকারে আসছে কিনা। এর জবাবে তিনি চিকিৎসককে জানান যে, যেসব ঔষধের কথা বলা হচ্ছে সেগুলো তিনি কখনো নেননি।”
চিকিৎসক ফারহানাকে জানান যে, তার মেডিক্যাল রেকর্ডে ওইসব ঔষধের তালিকা রয়েছে। নিউ ইয়র্কে লং আইল্যান্ড এলাকার গ্লেনকোভের গ্লেনহেড ফার্মেসি থেকে ওইসব ঔষধ তিনি নিয়েছেন বলেও চিকিৎসক উল্লেখ করেন।
চিকিৎসক তার মেডিক্যাল রেকর্ড পরীক্ষা করে আরও জানান যে, কয়েক মাসের মধ্যেই তিনি নর্থশোর লং আইল্যান্ড জুইশ গ্লেনকোভ হাসপাতালে সন্তান প্রসব করেছেন।
এসব জানার পর ফারহানা ওই ফার্মেসিতে যান ও সেখানকার সিকিউরিটি ভিডিও ফুটেজ পরীক্ষা করে দেখেন যে, একজন মহিলা তার নামে ইস্যু করা ঔষধ নিচ্ছেন।
হাসপাতালে গিয়েও তিনি এ তথ্য পান যে, তার নাম ও তথ্য ব্যবহার করে অন্য এক মহিলা সন্তান প্রসবসহ চিকিৎসা খরচ দিচ্ছেন তার স্বাস্থ্য বীমার কার্ডে। সেখানে তিনি মোহাম্মদ আজিজের নামও দেখতে পান।
এদিকে অভিযোগ অস্বীকার করে মোহাম্মদ আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনায় আমাকে জড়িয়ে ফারহানা ধুম্রজাল সৃষ্টির চেষ্টা করছে। প্রকৃত অর্থে আমার অজ্ঞাতে বর্তমান স্ত্রী আন্না খালেদ অ্যাজমার ঔষধ নিয়েছে ফারহানার হেলথ ইন্স্যুরেন্স কার্ডে। কারণ, ওইসব ইন্স্যুরেন্সের পেমেন্ট নিয়মিতভাবে আমাকেই করতে হয় বলে ফারহানার হেলথ কার্ডের চিঠি আমার বাসায় আসে।”
নির্মাণ ব্যবসায়ী মোহাম্মদ আজিজ উল্টো অভিযোগ করে বলেন, “ঢাকায় আমার অনেক সম্পত্তির দলিল আমার স্বাক্ষর জাল করে লিখে নিয়েছে ফারহানা। সে সব নিয়ে আইনি লড়াই চলছে। নিষ্পত্তি হবার পরই ডিভোর্সের বিষয়টি সম্পন্ন হবে। এমনি অবস্থায় ফারহানা আমাকে নানাভাবে হেনস্তার করছে যা খুব দুঃখজনক।”
আজিজ জানান, “ফারহানার দুই সন্তানসহ বর্তমান স্ত্রীর সন্তান ও পরিবারের সবার স্বাস্থ্য বীমার মাসিক প্রিমিয়াম হিসেবে দুই হাজার ২০০ ডলার করে দিচ্ছে আমার কোম্পানি। তাই, অন্যের বীমা ব্যবহারের প্রশ্নই উঠে না।”
মোহাম্মদ আজিজকে আদালতে যেতে হবে ১৭ জানুয়ারি। অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড হতে পারে বলে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি উল্লেখ করেছেন।
অপরদিকে আন্না খালেদকে আদালতে যেতে হবে ১৬ ফেব্রুয়ারি। তিনি দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ৭ বছরের জেল হতে পারে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
