২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘে ‘গণহত্যা দিবস’ পালিত

যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সদর দপ্তরে গণহত্যা দিবসে অংশ নিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2017, 09:36 AM

Updated : 19 Aug 2022, 06:08 PM

স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্কে ‘গণহত্যা কনভেনশনের ৬৯তম বার্ষিকী’ ও ‘গণহত্যার শিকার মানুষ ও তাদের মর্যাদার স্মরণে এবং এই অপরাধ প্রতিরোধের আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে একাত্তরে বাংলাদেশে গণহত্যার কথার উল্লেখ করেন মাসুদ বিন মোমেন।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, “সাম্প্রতিক অতীতে ঘটে যাওয়া গণহত্যার ঘটনাগুলো বিস্মৃত হওয়ার আগেই তা সম্মিলিতভাবে আমাদের পুনরুদ্ধার করতে হবে। আমরা এর মর্মবেদনা বুঝতে পারি, কেননা আমরা নিজেরাই নিষ্ঠুরতম গণহত্যার শিকার হয়েছিলাম ১৯৭১ সালে।”

দিবসটি উপলক্ষে প্রদত্ত প্রধানমন্ত্রীর বাণীর অংশবিশেষ -“ধর্ম, জাতি ও রাজনৈতিক বিশ্বাসের ভিত্তিতে মানুষকে সম্পূর্ণভাবে নির্মূল করার লক্ষ্যে ১৯৭১ সালের গণহত্যা সংঘটিত হয়েছিল। নির্মমভাবে হত্যা করা হয়েছিল দেশের বুদ্ধিজীবীদেরকে। বাংলাদেশ জাতীয় সংসদ সম্প্রতি ১৯৭১ সালের গণহত্যার শিকার মানুষদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ হিসেবে ঘোষণা দিয়েছে।” - উদ্ধৃত করেন রাষ্ট্রদূত মাসুদ।

‘জেনোসাইড কনভেনশন’ ও ‘আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধি’র সার্বজনীনীকরণে রাষ্ট্রদূত বাংলাদেশের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি গণহত্যা প্রতিরোধের জন্য পূর্বাভাসগুলোকে চিহ্নিত করার উপর গুরুত্বারোপ করেন।

মিয়ানমারের রাখাইন প্রদেশে উপর্যুপরি মানবাধিকার লঙ্ঘন ও চরম সহিংস অপরাধগুলোর ক্ষেত্রে গণহত্যার আলামত উপস্থিত থাকার বিষয়টি আমলে নেওয়া যায় কিনা সে ব্যাপারে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের সাম্প্রতিক বক্তব্যের কথা তুলে ধরে মাসুদ বিন মোমেন বলেন, “এ সকল প্রশ্নের সুরাহা করার সময় এসেছে।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতিসংঘের আইন সম্পর্কিত ও আইন কাউন্সিলের দায়িত্বে নিয়োজিত আন্ডার সেক্রেটারি জেনারেল মিগুয়েল ডি শেপরা সোয়ারেজ। শেপরা সোয়ারেজ জাতিসংঘ মহাসচিবের প্রতিনিধিত্ব করেন। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন জাতিসংঘের গণহত্যা প্রতিরোধ বিষয়ক বিশেষ উপদেষ্টা অ্যাডাম ডায়িং।

এছাড়া বক্তব্য দেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রেসিডেন্ট সিলভিয়া ফার্নানদেজ ডি গুরম্যান্ডি, আরমেনিয়ার স্থায়ী প্রতিনিধি জোহরাব মনাটস্কাকানিয়ান ও বেনিনের স্থায়ী প্রতিনিধি জিন-ক্লাউডি পেলিক্স দো রিগো।

এ সভায় বাংলাদেশ ছাড়াও যুক্তরাজ্য, লাটভিয়া, তুরস্ক, ম্যাক্সিকো, আজারবাইজান ও সুদানের প্রতিনিধিরা বক্তব্য দেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!