মালয়েশিয়ায় বৈধ হওয়ার সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত
মালয়েশিয়ায় বৈধ হওয়ার জন্য সে দেশের অভিবাসন বিভাগে নিবন্ধনের সময়সীমা শেষ হচ্ছে ৩১ ডিসেম্বর।
বাংলাদেশি যারা এখনো অভিবাসন বিভাগে নিবন্ধিত হয়নি তাদেরকে দ্রুত নিবন্ধিত হওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ হাই কমিশনের শ্রম কাউন্সেলর মো. সায়েদুল ইসলাম।
মঙ্গলবার তিনি তার দপ্তরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদকের সঙ্গে এ কথা বলেন।
তিনি বলেন, “আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে যারা মালয়েশিয়ার অভিবাসন বিভাগে আঙ্গুলের চাপসহ নিবন্ধিত হবেন তারা সে দেশে বৈধ হিসেবে গণ্য হবেন।
“নিবন্ধনের দায়িত্বপ্রাপ্ত মালয়েশিয় বেসরকারি প্রতিষ্ঠান মাইইজি, বিএম ও ইমানে যারা নিবন্ধন করেছেন, তাদের নিজ নিজ মালিকের মাধ্যমে সে দেশের অভিবাসন বিভাগে নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধিত হতে হবে।“
শেষ মূহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে দ্রুত নিবন্ধিত হতে অনিবন্ধিত বাংলাদেশিদের আহ্বান জানিয়ে
হাই কমিশনের শ্রম কাউন্সেলর মো. সায়েদুল ইসলাম।
এদিকে নিবন্ধন করার সময় আর বাড়ানো হবে না বলে জোড়ালোভাবে জানিয়েছে মালয়েশিয় অভিবাসন বিভাগ।
এক প্রশ্নের জবাবে সায়েদুল ইসলাম বলেন, “প্রায় দুই বছর ধরে মালয়েশিয়ায় ‘রি হায়ারিং’ নামে অবৈধ শ্রমিক বৈধকরণের চলমান প্রক্রিয়ায় এ পর্যন্ত প্রায় পাঁচ লাখ বাংলাদেশি অভিবাসন বিভাগে নিবন্ধন করেছেন।”
তবে কত সংখ্যক বাংলাদেশি এখনো অনিবন্ধিত আছেন এ ধারণা দেননি তিনি।
তিনি জানান, যারা বিভিন্ন কোম্পানির মাধ্যমে মাইইজি, বিএম ও ইমানে নিবন্ধন করে দীর্ঘদিন পরও মালিক পক্ষ অভিবাসন বিভাগে নিবন্ধন করছেন না বা মালিকের আর খোঁজ-খবর নেই, তারা মাইইজি, বিএম ও ইমানের অফিসে সরাসরি যোগাযোগ করলে অন্য কোনো কোম্পানির মাধ্যমে নিবন্ধিত হওয়ার সুযোগ পাবেন। এ জন্য শ্রমিককে অতিরিক্ত ফি দিতে হবে না।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
