বাংলাদেশের গার্মেন্টস শিল্প বিষয়ক সেমিনার হবে হার্ভার্ডে
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের প্রসার বিষয়ক আন্তর্জাতিক সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিসেম্বরের মাঝামাঝিতে।
স্থানীয় সময় ১৫ ডিসেম্বর শুক্রবার বস্টনের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের টেকসই পোশাক শিল্পের স্বচ্ছতায় মাল্টি স্টেকহোল্ডার সমন্বয় ও উদ্যোগ’ শীর্ষক দিনব্যাপী এ আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে।
হার্ভার্ড মেডিক্যাল স্কুলের সহায়তায় বস্টনভিত্তিক গবেষণামূলক সংস্থা ‘ইন্টারন্যাশনাল সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ’ (আইএসডিআই)সেমিনারের আয়োজক।
সেমিনারে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, কানাডা, ইউরোপের আমদানীকারক, ইউএস ফ্যাশন ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, ইউএস স্টেট ডিপার্টমেন্ট, ইউএস লেবার ডিপার্টমেন্ট, বিশ্ব ব্যাংক, শ্রমিক সংগঠক, গবেষক ও শিক্ষাবিদরা অংশ নেবেন।
“বাংলাদেশের গার্মেন্টস শিল্পের সামগ্রিক কল্যাণের পথ ত্বরান্বিত করার অভিপ্রায়ে এটি হবে সর্ববৃহৎ একটি প্রয়াস”- এমনটা দাবি করেছেন আয়োজক সংগঠনের প্রধান ইকবাল ইউসুফের।
টানা চতুর্থ বছরের মতো বাংলাদেশের পোশাক শিল্পের বাজার সম্প্রসারণের লক্ষ্যে বস্টনের হার্ভার্ডে এমন সেমিনার হচ্ছে। সেমিনারে গার্মেন্টস শ্রমিকদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়েও গবেষণামূলক আলোচনা হবে। ক্রেতাদের সন্তুষ্টির জন্যে আরও ভালো মানের পোশাক বাজারজাতকরণে আমদানীকারকদেরকেও উদার হওয়ার ব্যাপারেও আলোচনা হবে সেমিনারে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
