আরব আমিরাতের জাতীয় দিবসে বাংলাদেশিরা
সংযুক্ত আরব আমিরাতের ৪৬তম জাতীয় দিবসের উৎসবে অংশ নিয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
শনিবার আবুধাবির কর্নিশ লেক পার্ক, ফর্মাল পার্ক ও লেক পার্কে দিবসটি উপলক্ষ্যে আলাদা কর্মসূচি পালন করে বিভিন্ন প্রবাসী সংগঠন।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন- আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ইকবাল হোসেন চৌধুরী, কাউন্সেলর শহীদুজ্জামান ফারুকি, শ্রম কাউন্সেলর আরমান উল্লাহ চৌধুরী, প্রথম সচিব (পাসপোর্ট) মোহাম্মদ রিয়াজুল হকসহ কমিউনিটি নেতা-কর্মীরা।
কর্নিশ লেক পার্কে প্রবাসী মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ‘বঙ্গবন্ধু পরিষদ’ আবুধাবি শাখা।
বক্তব্য দেন- সংগঠনের জ্যেষ্ঠ সহ সভাপতি শওকত আকবর, জনতা ব্যাংকের প্রধান নির্বাহী আমিরুল ইসলাম, বাংলাদেশ বিমানের আঞ্চলিক ব্যবস্থাপক ইকবাল আহমদ চৌধুরী, জাহাঙ্গীর কবীর বাপপি, খোন্দকার মাহবুব ও শারমিন রাহা খোন্দকার।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় শিল্পীরা।
কর্নিশ ফর্মাল পার্কে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে মিলনমেলার আয়োজন করেন সংগঠক ও প্রকৌশলী মিজানুর রহমান সোহেল।
আনুষ্ঠানিকভাবে কেক কাটার পর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ইকবাল হোসেন চৌধুরী।
আবুধাবি লেক পার্কে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে আরেকটি উৎসবের আয়োজন করে ‘বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার সোসাইটি’ আবুধাবি শাখা।
আয়োজক সংগঠনের সভাপতি মীর কাশেম সিদ্দিকীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ইকবাল হোসেন চৌধুরী।
এ আয়োজনে ছিল- আলোচনা সভা, পুরুষ-মহিলা ও শিশুদের অংশগ্রহণে নানা ক্রীড়ানুষ্ঠান, লাকি কাপল নির্বাচনসহ নানা উৎসব।
আরও উপস্থিত ছিলেন- সংগঠনের প্রধান উপদেষ্টা আবুল কালাম, আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আশীষ বড়ুয়া, সাধারণ সম্পাদক মেফতাহ উদ্দিন ও ওমর ফারুকসহ সংগঠনের নেতা-কর্মীরা।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
