যুক্তরাষ্ট্রে ‘ইউনিভার্সাল চিলড্রেন ডে’ পালিত
জাতিসংঘ ঘোষিত ‘ইউনিভার্সাল চিলড্রেন ডে’ উপলক্ষে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠান করেছে ‘পিপুলএনটেক ফাউন্ডেশন’।
স্থানীয় সময় শনিবার দিবসটি উপলক্ষে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, ফিলিপাইন, মালয়েশিয়া, ভিয়েতনাম, মেক্সিকোসহ বিভিন্ন দেশের শিশুরা অংশ নেয়।
অনুষ্ঠানে বাস্তুচ্যুত রোহিঙ্গা শিশুদের নিরাপদে মা-বাবার সাথে নিজ ভূমিতে প্রত্যাবর্তনে মিয়ানমার সরকারকে বাধ্য করতে আন্তর্জাতিক জনমত সোচ্চারের লক্ষ্যে কাজের সংকল্প ব্যক্ত করার পাশাপাশি শিশুদের জন্যে নিরাপদ বিশ্ব প্রতিষ্ঠায় একযোগে কাজ করার কথা বলা হয়।
২০ নভেম্বর ছিল জাতিসংঘ ঘোষিত ‘ইউনিভার্সাল চিলড্রেন ডে’। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিশুদের জন্য বিভিন্ন ধরনের বিনোদনধর্মী কার্যকলাপের আয়োজন করা হয়। বিনোদনের পাশাপাশি ছিল বিভিন্ন প্রতিযোগিতা ও প্রীতি উপহার।
অনুষ্ঠানে বিশেষ এক পর্ব রাখা হয় যেখানে আগত শিশুরা তাদের উপস্থিতির স্মারক হিসেবে নিজ হাতের ছাপ দেয় একটি সাদা ক্যানভাসে।
আয়োজক ফাউন্ডেশনের পক্ষে স্বাগত বক্তব্য দেন ফারহানা হানিপ। তিনি নারী ও শিশুদের নিয়ে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা প্রকাশ করে সকলের আন্তরিক সহায়তা কামনা করেন।
সেবামূলক সংস্থা ‘পিপুলএনটেক ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা আবু বকর হানিপ নারী ও শিশুদের উন্নয়নমূলক কাজের পাশাপাশি নারীদের স্বনির্ভর করতে তার সংস্থা গৃহীত বিভিন্ন কর্মকাণ্ডের তথ্য উপস্থাপন করেন।
অর্থনীতিবিদ ও মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তা ফাইজুল ইসলাম শিশুদের মানসিক বিকাশে অভিভাবকদের আরও উদারতা প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, “দাঙ্গা-বিধ্বস্ত জনপদের শিশুরাই শুধু নয়, প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েও অনেক শিশুর স্বাভাবিক বিকাশের পথ রুদ্ধ হচ্ছে। এমন অসহায় শিশুদের জন্যে সমাজের বিত্তবান শ্রেণিকেও এগিয়ে আসতে হবে।”
‘ভয়েস অব আমেরিকা’র সাংবাদিক আনিস আহমেদ শিশুদের মানসিক বিকাশে পরিবার তথা সমাজের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। কমিউনিটি অ্যাক্টিভিস্ট ফারজানা ক্লারা আগামী বিশ্ব গড়ায় শিশুদের সাবলীলভাবে বেড়ে ওঠার প্রয়োজনীয়তা উপস্থাপন করেন।
‘প্রিয়বাংলা’ সংগঠনের পরিচালক প্রিয়লাল কর্মকার পিপলএনটেকের এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন। তিনি তার বক্তব্যে আরও বলেন, “পিপলএনটেকের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা পরবর্তীতে শিশুদের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রমে এগিয়ে আসবে।”
তারেক মেহেদী শিশুদের পারিবারিক পরিবেশ কীভাবে তার ব্যক্তিত্বে প্রভাব ফেলে- তা তুলে ধরেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
