২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিসে ফ্রেঞ্চ-বাংলা স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকীতে পিঠা উৎসব

ফ্রান্সের প্যারিসের ফ্রেঞ্চ-বাংলা স্কুলের দু্ইবছর পূর্তি কেক কেটে উদযাপনের সাথে পিঠা উৎসবও করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোয়াজ্জেম হোসেন তারা, ফ্রান্সের প্যারিস থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2017, 10:26 PM

Updated : 11 Oct 2022, 02:47 PM

স্থানীয় সময় শনিবার স্কুল প্রাঙ্গণে আয়োজিত ওই বর্ষপূর্তি অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবকবৃন্দ, মুক্তিযোদ্ধা ও ফ্রান্স প্রবাসী বাঙালি কমিউনিটির নেতারা অংশ নেন।

মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ফ্রান্স শাখার সভাপতি জামিলুর ইসলাম মিয়া তার ঐকান্তিক প্রচেষ্টায় শিল্প-সাহিত্যের নগর প্যারিসে প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি ছেলেমেয়েরা যেন তাদের মাতৃ-পিতৃভূমির ভাষা-সংস্কৃতিকে লালন করতে পারে সেজন্য স্কুলটি প্রতিষ্ঠা করেন।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ও ফ্রেঞ্চ-বাংলা স্কুলের প্রতিষ্ঠাতা জামিলুর এবং তার স্ত্রী স্কুলের ভারপ্রাপ্ত পরিচালক ফাতেমা খাতুন শিক্ষক-শিক্ষার্থীদের সাথে করে বিশাল আকৃতির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

বর্ষপূরণের এ অনুষ্ঠানে অভিভাবকরা ২০ ধরনের পিঠা নিয়ে আসেন, যা দিয়ে উপস্থিত অতিথিদের আপ্যায়ন করা হয়।

জামিলুর ইসলাম মিয়া তার বক্তব্যে বলেন, “আজ থেকে দুবছর আগে ২০১৫ সালের ১৪ নভেম্বর মাত্র দশজন শিক্ষার্থী নিয়ে আমাদের পথচলা শুরু হয়েছিলো নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষা ও মাতৃভূমির প্রতি ভালবাসা ছড়িয়ে দিতে। স্বদেশের প্রতি নিজের দায়বদ্ধতা থেকে যেমন যুদ্ধ করেছিলাম।

“তাই প্রবাসেও আরেকটি যুদ্ধের শুরু হয়েছিল দুইবছর আগে আর সেই ধারাবাহিকতায় আজকে চল্লিশজন শিক্ষার্থী স্কুলটিকে আলোকিত করছে। এসব শিক্ষার্থী ইতিমধ্যে বাংলা পড়তে ও লিখতে শিখেছে যা আগামীতে তাদের মাতৃ-পিতৃভূমির ইতিহাস ও ঐতিহ্য শিখতে এবং দেশের প্রতি ভালবাসা জাগ্রত করবে।”

তিনি বলেন, “আমরা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ফ্রান্সের তত্ত্বাবধানে পরিচালিত ও প্রতিষ্ঠিত স্কুলটিতে শিক্ষার্থীদেরকে মুক্তিযুদ্ধ ও দেশের ইতিহাস সঠিকভাবে জানাবার প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

ভারপ্রাপ্ত পরিচালক ফাতেমা খাতুন স্কুলের সামগ্রিক প্রতিবেদন ও উন্নয়নযাত্রা তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্কুলের সাবেক পরিচালক হাসনাত জাহান, গানের শিক্ষক সোমা দাস, অভিভাবকদের মধ্য থেকে জনাব আনোয়ারুল হক, শান্তনা চৌধুরী, বাবু বলরাম রাজ, প্রতিমা রাণী বর্মণ।

পুঁথি শিল্পী কাব্য কামরুল তার স্বরচিত পুঁথিকাব্য পাঠ করে শোনান যেখানে, প্রবাসীদের সুখদুঃখ সুন্দরভাবে তুলে ধরেন। স্কুলের শিক্ষক অয়ন শাহ্ পরান উপস্থাপনা করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাটি প্রোডাকশন হাউজের কর্ণধার দোলন মাহমুদ, হুমায়ন আহমেদ, শামীম হোসেন, সাইফুল ইসলাম রনি, শিক্ষক সাইদা খাতুন, নিপু, অভিভাবক ও বিপুল সংখ্যক প্রবাসী বাঙালি পরিবার।

সবশেষে স্কুলের প্রতিষ্ঠাতা জামিলুর উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন এবং এর সাফল্যের জন্য সবার সহযোগিতা কামনা করেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!