২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাক্ষাৎকারে ফিলাডেলফিয়ার ডেপুটি মেয়র নীনা: একজনকেই নেতা মানার পরামর্শ

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঐতিহ্যধারণকারী ‘লিবার্টি বেল’র সিটি ফিলাডেলফিয়া। যার ডেপুটি মেয়রের দায়িত্বে রয়েছেন বাংলাদেশি-আমেরিকান নাগরিক নীনা আহমেদ।

লাভলু আনসার

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2017, 09:43 PM

Updated : 11 Oct 2022, 02:47 PM

২০১৫ সালের ফ্রেবুয়ারি মাসে এ দায়িত্ব নেওয়ার সময় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার এশিয়ান-আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার্স সম্পর্কিত উপদেষ্টা ছিলেন বাংলাদেশি-আমেরিকান এই বিজ্ঞানী।

গত নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বছরের ২০ জানুয়ারি শপথ নেওয়ার দিনই পদত্যাগ করেন তিনি। তখনো তার মেয়াদ শেষ হতে বাকি ছিল বেশ কয় মাস। ট্রাম্প প্রশাসনের সাথে নীতিগত ব্যাপারে দ্বন্দ্ব থাকায় পদত্যাগ করেন বলে তখন বেশ আলোড়ন তৈরি হয়েছিলো।

নীনা আহমেদ মূলত ‘পাবলিক এনগেজমেন্ট’ বিষয়ক ডেপুটি মেয়র। ব্যক্তিগতভাবে চিকিৎসা-বিজ্ঞানী হলেও সমাজকর্মকেই প্রাধান্য দিয়েছেন সব সময়। ফিলাডেলফিয়া এবং আশপাশের সিটির অভিবাসীদের স্বার্থে নিজেকে নিবেদনের পাশাপাশি নারীদের অধিকার ও মর্যাদার প্রশ্নেও রয়েছেন সোচ্চার।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন সিটি, অঙ্গরাজ্য এবং কাউন্টিতে গত ৭ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হলো। প্রায় প্রতিটিতেই সুফল এসেছে ডেমোক্র্যাটদের। এই নির্বাচনে বেশ কটি এলাকায় বাংলাদেশিরাও দাঁড়িয়েছিলেন।  যুক্তরাষ্ট্রের মূলধারা রাজনীতি, সেখানে প্রবাসী বাংলাদেশিদের অবস্থান, গতি-প্রকৃতি ও ভবিষ্যত নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের যুক্তরাষ্ট্র প্রতিনিধি লাভলু আনসারের সাথে বিস্তারিত আলাপ করেছেন মূলধারার ডেমোক্র্যাট রাজনীতির সাথে জড়িত নীনা। তারই গুরুত্বপূর্ণ কিছু অংশ তুলে ধরা হলো-

প্রশ্ন : গত ৭ নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটরাই বিজয় পেল। বিজয়ের এই ধারায় সামনের বছরের মধ্যবর্তী নির্বাচনেও কংগ্রেসের আধিপত্য ডেমোক্র্যাটদের হাতে আসবে বলে মনে করেন?

উত্তর : এই নির্বাচনে মূলত: আমেরিকার মূল্যবোধের জয় হয়েছে। যে চেতনা আর মূল্যবোধে আমেরিকা প্রতিষ্ঠিত হয়েছে, তাকে সমুন্নত রাখতে বদ্ধপরিকর প্রতিটি আমেরিকান। বিশেষ করে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, অন্যের মতামতকে সম্মান জানিয়ে নিজের মতামতে ফিরিয়ে আনা, এ বিষয়গুলোর প্রতিফলন ঘটেছে এই নির্বাচনে। বিশেষ করে আমাদের এই সিটির মূল লক্ষ্য হচ্ছে প্রতিটি অধিবাসী যেন অন্যের প্রতি শ্রদ্ধাশীল হয়। এই নির্বাচনে যারা জয়ী হলেন, তারা এমন চেতনায় বিশ্বাসী।

প্রশ্ন : নির্বাচনে অন্য কোনও ফ্যাক্টর কাজ করেছে বলে কি মনে করেন?

উত্তর: সারা আমেরিকায় এক ধরনের ঘৃণার উদ্রেক ঘটানো হয়েছে বিগত কয়েক মাসে। কিন্তু সচেতন ভোটাররা তা পছন্দ করেন না। তারই সুস্পষ্ট একটি জবাব এসেছে এই নির্বাচনের ফলাফলে।

প্রশ্ন : ইমিগ্রেশন রিফর্ম প্রসঙ্গে কিছু বলবেন?

উত্তর : রিফর্ম করা খুবই জরুরি। এ কারণে আমাদের এই সিটির পক্ষ থেকে বর্তমান প্রশাসনের অনেক কাজেই অসহযোগিতার সিদ্ধান্ত নেই। বিশেষ করে, আইস (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) বেআইনি তৎপরতার সাথে ফিলাডেলফিয়া সিটি থাকবে না। অর্থাৎ আইস যদি বলে যে- ‘কারাগারে থাকা অবৈধ ইমিগ্র্যান্টদের আমাদের কাছে দিয়ে দাও’, আমরা তাদের সে আহ্বানে সাড়া দেই না। তবে তারা যদি আদালত থেকে এ ধরনের কোনও অনুমতিপত্র দেখায়, তাহলে আমরা সেটি করবো। অন্যথায় করা হচ্ছে না। কারণ, জজের সামনে গিয়ে না দাঁড়িয়ে কাউকে যদি আইস নিতে চায়, তাহলে বুঝতে হবে যে, লোকটি অযথা হেনস্থার শিকার হবেন, এমনকি তাকে মামুলি কারণে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়া হতে পারে।

প্রশ্ন : ইমিগ্রেশন অভিযানে আইসকে সহায়তা না করলে ফেডারেল অনুদান থেকে বঞ্চিত হবার আশঙ্কা তো রয়েছে?

উত্তর : সেটি আমরা জানি এবং ইতোমধ্যে সে ব্যাপারেও আমরা বিকল্প পথ খুঁজে নিয়েছি। এমন হুমকির পর আমরা উচ্চ আদালতে যাই। মাননীয় আদালত নির্দেশ দিয়েছেন যে, ইচ্ছা করলেই ফেডারেল অনুদান বন্ধ করা যাবে না। যা আমাদের পাওনা, সেইসব ন্যায্য অধিকারের প্রশ্নে আপসহীন থেকে প্রয়োজনে বারবার কোর্টে যেতে হবে। এ ব্যাপারে আমরা সঙ্কল্পবদ্ধ।

প্রশ্ন : প্রায় দু’বছর এ দায়িত্বে রয়েছেন। এ সময়ে আপনার অভিজ্ঞতা কেমন?

উত্তর : মানুষের সাথে থেকে মানুষের কল্যাণে কাজের অভিজ্ঞতা আমার নতুন নয়। অনেক আগে থেকেই সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত বিধায় নতুন কিছু মনে হয় না। তবে কাজের ক্ষেত্র বেড়েছে। প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ক্ষেত্রে এ সিটি পাশে রয়েছে, এটি বড় ভরসা এবং কাজে উৎসাহ বাড়ছে প্রতিদিনই। এই সিটির মেয়র আমাকে যাবতীয় সহায়তা দিচ্ছেন কম্যুনিটির সমৃদ্ধির প্রশ্নে।

প্রশ্ন : প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার দিনই আপনি পদত্যাগ করেছেন এশিয়ান-আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার্স বিষয়ক উপদেষ্টা থেকে... এ ব্যাপারে কিছু বলবেন?

উত্তর : একইদিন আমিসহ ৪ জন পদত্যাগ করেছি। অন্যেরা এখনো দায়িত্ব পালন করছেন। যদিও কোনও কাজ নেই তাদের হাতে। শুধু পদবি ধরে রেখেছেন তারা। কারণ, এই কমিশন প্রতিষ্ঠা করেন বিল ক্লিনটন। ওবামা এসে এটিকে আরো বেশি কর্মক্ষম করেছিলেন। বর্তমান প্রেসিডেন্ট এ কমিশনের ব্যাপারে ন্যূনতম পদক্ষেপ এখন পর্যন্ত নেননি। ফলে এটি এক ধরনের কাগুজে প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। অথচ এটি গঠন করা হয় এশিয়ান-আমেরিকানদের স্বার্থে হোয়াইট হাউজের কর্মপরিধি ঢেলে সাজানোর পরামর্শ দিতে এবং বাস্তবতার আলোকে নতুন নতুন পদক্ষেপ নেওয়ার সুপারিশের জন্যে। আমরা চেষ্টা করেছিলাম বিরাট এই কম্যুনিটিকে ছোটো ছোটো ভাগে বিভক্ত করতে।

অর্থাৎ চায়নিজ, ভারতীয়, জাপানিজ, বাংলাদেশি হিসেবে সকলের কোনও কোনও ইস্যুতে অভিন্ন সমস্যা থাকলেও সম্মুখে এগুনোর ক্ষেত্রে গড়মিল প্রকট। বিশেষ করে তুলনামূলকভাবে নতুন কম্যুনিটি হওয়ায় বাংলাদেশি-আমেরিকানরা যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন, চায়নিজ কিংবা ভারতীয়রা সেগুলো অনেক আগেই অতিক্রম করেছেন। এই যে গড়মিল, সেগুলোর মধ্যে সমতার স্বার্থে হোয়াইট হাউজের পলিসি গ্রহণে সজাগ হতে হবে। কিন্তু বর্তমান প্রেসিডেন্ট ওই কমিশন কন্টিনিউ করবেন বলেও মনে হচ্ছে না। কারণ, এখন পর্যন্ত কমিশনের শুন্য আসনগুলো পূরণের পদক্ষেপই নেয়া হয়নি। এমন অবস্থা হবে তা আগেই আমরা ট্রাম্পের মন্তব্য এবং মতামতে আঁচ করেছিলাম বলেই তার শপথ নেওয়ার দিনই পদত্যাগ করেছি।

প্রশ্ন : আগে ছিলেন জাতীয়ভিত্তিক দায়িত্বে। এখন শুধু এই ফিলাডেলফিয়া সিটিতে কাজ করছেন? গত দু’বছরের অভিজ্ঞতার আলোকে কিছু বলবেন?

উত্তর : আমি সর্বাগ্রে চেষ্টা করছি সিটি প্রশাসনের প্রতিটি সেক্টরে যেন ভাষাগত সমস্যায় কেউ না পড়েন। যার যে ভাষা, তার মাধ্যমেই যাতে সিটির যাবতীয় ইনফরমেশন নাগরিকেরা পেতে পারেন, সেটিকে গুরুত্ব দিয়েছি। বাংলাদেশিরাও তা চাইলেই পাচ্ছে। সিটি সার্ভিস সকল নাগরিকের কাছে পৌঁছে দিতে এ এক অসাধারণ প্রক্রিয়া। বিশেষ করে, সিটি প্রশাসন যেসব কাজ করছে বা উদ্যোগ নিচ্ছে, সেগুলো প্রকৃত অর্থে নাগরিকের কল্যাণে আসছে কিনা, যদি না আসে বা কোনও সমস্যা তৈরি হয়, তাহলে সে বিষয়েও সকলের মতামত নেয়া হচ্ছে। এজন্যেই ভাষাগত অধিকারের প্রতি আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি এবং প্রতিটি ভাষার মানুষের মতামতকে সাদরে গ্রহণ করা হচ্ছে।

প্রশ্ন : আপনার অফিসে নকশি কাঁথা শোভা পাচ্ছে?

উত্তর : এটি বাংলাদেশীরা উপহার দিয়েছেন। তা এখানে ডিসপ্লে করেছি বাংলাদেশের ঐতিহ্যকে ভিনদেশিদের কাছে পৌঁছে দেয়ার অভিপ্রায়ে। এটি দেখিয়ে কৌতুহলী আমেরিকানদের সামনে বাংলাদেশের মহিলাদের কর্মদক্ষতার কথা উপস্থাপন করি। এটি করতে শিক্ষার প্রয়োজন হয়নি। বেশ ক’জন নারী নিজ হাতে এমন সুন্দর একটি কাঁথা সেলাই করেছেন।

প্রশ্ন : সিটির সাথে সর্বস্তরের মানুষের সম্পর্ক আরো গভীর করতে নতুন কোন পদক্ষেপ নিয়েছেন কি?

উত্তর : এই পদবী আগে ছিল না। আমিই প্রথম। এজন্যে সবকিছুই আমাকে করতে হচ্ছে। এটি আমাকে বেশ উজ্জীবিত করে। আমি চেষ্টা করছি কম্যুনিটির বিশ্বাস বা আস্থা অর্জনের জন্যে। মানুষ যদি আমার এই অফিসের ওপর আস্থা রাখতে পারেন বা যে কোন সমস্যার কথা নির্ভয়ে উপস্থাপনের মতো ভরসা পান, তাহলেই ভাববো নয়া এ অফিস ঠিকমত কাজ করছে। এ লক্ষ্যে ইতিমধ্যে ৩টি অফিস চালু করেছি। অফিস অব এনগেজমেন্ট ফর উইমেন, ব্ল্যাক মেইল এনগেজমেন্ট এবং ইয়ুথ এঙ্গেজমেন্ট। এর বাইরে আগে থেকেই রয়েছে এশিয়ান-আমেরিকান অ্যাফেয়ার্স অফিস। প্রতিটি কমিশনের মধ্যে মিটিং হয়। তারা সুপারিশ করে। আমরা সেগুলো পর্যালোচনার পর করণীয় ধার্য করি।

প্রশ্ন : এই সিটিতে বাংলাদেশি-আমেরিকানের সংখ্যা কত?

উত্তর : সঠিক সংখ্যা বলা মুশকিল। কারণ, অনেকেই ‘সেনসাসে’ অংশ নেননি। আমরা নানাভাবে সকলকে অনুরোধ করেও এ ব্যাপারে নিশ্চিত হতে পারিনি যে সকলেই ‘সেনসাসে’ অংশ নিয়েছেন। এমনি অবস্থায় ২০১৫ সালে পিউ রিসার্চ সেন্টারের জরিপ অনুযায়ী ৫ হাজার। এই সিটির মোট জনসংখ্যা হচ্ছে এক লাখ ৮৮ হাজার। যদিও বাস্তবে অনেক বেশি। সেনসাসে সবাই অংশ নিলে সিটি, অঙ্গরাজ্য এবং ফেডারেল থেকে অনেক বেশি সুবিধা পাওয়া সম্ভব। একইভাবে কম্যুনিটিভিত্তিক অবস্থানও সংহত হয়। আশা করছি, সামনের সেনসাসে সকলে অংশ নিয়ে বাংলাদেশিদের সুযোগ-সুবিধা বৃদ্ধির পথ সুগম করবেন।

প্রশ্ন: ইমিগ্র্যান্ট কম্যুনিটিতে কী ধরনের সমস্যা বেশি বলে মনে করছেন?

উত্তর : সিটি প্রশাসনের সাথে যোগাযোগ কম থাকায় অনেক কিছু থেকেই বঞ্চিত হচ্ছেন তারা। বিশেষ করে যারা নতুন ব্যবসা চালু করেন, তাদেরকে বেশি সমস্যার মুখোমুখি পড়তে হয়। অথচ ক্ষুদ্র ও মাঝারি ধরনের ব্যবসার জন্যে, মাইনরিটি ব্যবসায়ীর জন্যে এদেশে অনেক সহযোগিতার ব্যবস্থা রয়েছে। এগুলো জানা উচিত সকলের। আমি সেই দূরত্ব লাঘবের চেষ্টা করছি।

প্রশ্ন : এশিয়ান-আমেরিকান কমিশনও রয়েছে এই সিটিতে?

উত্তর: জ্বি। সেই কমিশনের পক্ষ থেকে মাঝেমধ্যেই মিটিং করা হয়। সে সময় আমরা লোকজনের কথা শুনি।  এছাড়া, ইমিগ্রেশন এফেয়ার্স কমিশন রয়েছে। তারা কাজ করছে নবাগতদের যাবতীয় সহায়তার জন্যে। এমনকি টেলিফোনে কীভাবে নিজের ভাষায় সহায়তা নিতে হয় সেটিও আমরা বিস্তারিতভাবে জানিয়ে দিচ্ছি।

প্রশ্ন: কর্মসংস্থান বৃদ্ধি বা হয়রানি রোধে কী উদ্যোগ নিয়েছেন?

উত্তর : যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানে আমরা সহায়তা ও পরামর্শ দিচ্ছি। কখন কোথায় কাজ জুটে সেটিও জানানো হয়। এছাড়া, চলতি পথে কিংবা কর্মস্থলে কেউ যদি অযথা হয়রানি বা হেনস্থ্ওা শিকার হন এবং আমাদেরকে যদি জানানো হয়, তাহলে আমরা সংশ্লিষ্ট দপ্তরের সাথে ভিকটিমদের ব্যাপারে কথা বলি। ইমিগ্রেশনের স্ট্যাটাস এ ব্যাপারে কোনই বাধা হয়ে দাঁড়ায় না। এই সিটির পুলিশসহ সকল এজেন্সির কাছে বৈধ বা অবৈধ সকল ইমিগ্র্যান্টের সমান অধিকার। হাসপাতালে চিকিৎসার ব্যাপারেও রয়েছে একই নির্দেশনা। অর্থাৎ এই সিটির কোন মানুষই বৈষম্যের শিকার হবেন না, যদি তারা নিজের অধিকার সম্পর্কে সজাগ থাকেন। সজাগ করার দায়িত্বটিও আমরা পালনের চেষ্টা করছি।

প্রশ্ন : বাংলাদেশি-আমেরিকানদের জন্যে বিশেষ কোনও পরিকল্পনা আছে কি?

উত্তর : মূল কথা হচ্ছে, নিজেদের চোখ-কান খোলা রাখতে হবে। শুধু নিজেদের মধ্যে আবদ্ধ থাকলে চলবে না। নিজেরা সভা-সমাবেশ করুন, নিজেদের কালচার জাগ্রত রাখতে আরো বেশি সক্রিয় থাকুন-সেটি ভালো। তবে পাশাপাশি প্রতিবেশী ভিন্ন ভাষা, জাতি-বর্ণের মানুষের সাথেও মিশতে হবে। তাদের অনুষ্ঠানেও যেতে হবে। বিশেষ করে স্কুলে পিটিএ মিটিং, সিটি মেয়র অফিসের বিভিন্ন মিটিংয়ে অংশ নিতে হবে। অঙ্গরাজ্য প্রশাসন কিংবা এলাকার জনপ্রতিনিধিগণের মিটিংয়ে সাড়া দিতে হবে। তাহলে কী কী সুযোগ-সুবিধা রয়েছে, সে সম্পর্কে ধারণা জন্মাবে।

বিশেষ করে এই সিটির ইমিগ্রেশন বিষয়ক কমিশনের সকল সভায় উপস্থিত হওয়ার পাশাপাশি নিজেদের বড় কোন ইভেন্টেও কমিশনের বাঙালি কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো দরকার। এই ধরনের ব্যবধান কমাতে আমি কোনও আমন্ত্রণই উপেক্ষার চেষ্টা করি না। ইতিমধ্যেই আমি আমাদের কম্যুনিটির সকলকে জানিয়েছি এশিয়ান-আমেরিকান কমিশনের মিটিংয়ে উপস্থিত হতে আগ্রহীদের তালিকা দিতে। এ প্রসঙ্গে আমি এখানকার ‘মোদের পাঠশালা’ নামক একটি প্রতিষ্ঠানের কথা বলতে চাই। ওরা আফটার স্কুল প্রোগ্রাম করছে। স্থানীয় ইউনিভার্সিটির বাংলাদেশি বংশোদ্ভুত ছাত্র-ছাত্রীরা এসে ওই স্কুল পরিচালনায় সহায়তা করছে। এটি খুবই অনুকরণীয় একটি উদ্যোগ। সেটি ব্যক্তি উদ্যোগে চলছে। এক্ষেত্রে কম্যুনিটির জন্যে একটি মিলনায়তন বা ‘কম্যুনিটি সেন্টার’ দরকার। যেখানে বাংলাদেশী আমেরিকানরা মিলিত হবেন। বিশেষ করে নবাগতদের যাবতীয় পরামর্শ প্রদানের ব্যবস্থা থাকবে। তবে কম্যুনিটি সেন্টার কখনোই গভর্নমেন্ট করে দেবে না। নন-প্রফিট সংস্থার মাধ্যমে তা করতে হয়।

প্রশ্ন: কম্যুনিটি সেন্টারের জন্যে আপনি কিছু করছেন?

উত্তর : আমি কাজ করছি। উদ্যমী ইয়ং পার্সন দরকার, যে বাংলা এবং ইংরেজিতে সমান পারদর্শী। অর্থাৎ এদেশের আলো-বাতাসে বড় হয়েছেন এবং বাংলাদেশের কালচার সম্পর্কেও ভালো ধারণা রাখেন। মাকিন প্রশাসনের ব্যাপারেও জানা আছে। এমন কিছু উদ্যমী মানুষ পেলে নন-প্রফিট অর্গানাইজেশন করা যেতে পারে কম্যুনিটি সেন্টারের স্বপ্ন পূরণের অভিপ্রায়ে। তাহলে এই সিটির পরিত্যক্ত কোনও ভবনের বরাদ্দ নেয়া যেতে পারবে। কিন্তু বড়ই দুর্ভাগ্যের বিষয় যে, এমন একটি নন-প্রফিট অর্গানাইজেশনের নেতৃত্বে কে আসবেন, তা স্থির করাই সম্ভব হচ্ছে না।

এমন অবস্থা শুধু বাংলাদেশিদেরই নয়, অন্য কম্যুনিটিতেও রয়েছে। সকলেই নেতা হতে চান। কিন্তু সেটি কি সম্ভব? আমাদের এটিও সকলকেই ধারণ করতে হবে যে, একজন লিডারশিপ নিলেও অন্যদেরও গুরুত্ব কম নয়। সকলেই সমান মর্যাদা পাবেন কম্যুনিটি সেন্টার নির্মাণের পর। আমি এসব নিয়ে কম্যুনিটিতে কর্মরতদের সাথে কথা বার্তা শুরু করেছি। একজনকে নেতা মেনে একটি সংস্থার মাধ্যমে আবেদন করার জন্যে। এটি হলেই স্বপ্ন পূরণের পথ ত্বরান্বিত হবে।

প্রশ্ন : তৃণমূলে কাজের মধ্য দিয়ে ডেপুটি মেয়রে অধিষ্ঠিত হবার সৌভাগ্য অর্জন করেছেন। এর আগে প্রেসিডেন্টের এশিয়ান-আমেরিকান এ্যান্ড প্যাসিফিক আইলান্ডার্স বিষয়ক উপদেষ্টা মন্ডলীতেও ছিলেন। আপনার ভবিষ্যত পরিকল্পনা কি? ইউএস সিনেটর কিংবা হাউজ অব রিপ্রেজেনটেটিভ?

উত্তর : ইচ্ছা তো আছেই। প্রশাসনে থেকে কি করা যায়,  নির্বাচিত জনপ্রতিনিধিরা কীভাবে কাজ করছেন-সেটিও দেখার কৌতুহল রয়েছে। হোয়াইট হাউজের পর সিটি হলে দেখছি। এখন ক্যাপিটল হিলের ব্যাপারে আগ্রহ ক্রমান্বয়ে বাড়ছে। তবে সবটাই নির্ভর করছে জনসমর্থনের ওপর। আমি কখনোই নিজেকে একা ভাবি না। সবসময় নিজে ওপরে উঠার সময় অন্যদের কথাও ভাবি যে, আমার এই পথটা ধরে তারাও যাতে উঠতে পারেন। আমি ইমিগ্র্যান্টদের ব্যাথা-বেদনার কথা খুব বেশি জানি এবং উপলব্ধিও করি। সে তাগিদেই সকল ইমিগ্র্যান্ট যাতে বিদ্যমান সুযোগ-সুবিধা ভোগ করতে সক্ষম হন-সে জন্যে সর্বাত্মক চেষ্টায় রয়েছি।

প্রশ্ন : এই সিটির মেয়র পদে লড়াইয়ের কথা ভাবছেন?

উত্তর : না। সেটি সম্ভব নয়। কারণ, কম্যুনিটি হিসেবে আমরা একেবারেই ছোট। তাই মেয়র হতে হলে অনেকগুলো গ্রুপের সার্বক্ষণিক সহায়তা লাগবে। এজন্যে অন্যকিছু ভাবছি।

প্রশ্ন : এই সিটির বিশেষ একটি সড়কে বহুদেশের পতাকার সারিতে বাংলাদেশের পতাকাও উড়ছে।

উত্তর : এই পতাকা উঠানোর জন্যে অনেকদিন চেষ্টা হয়। বিভিন্ন গ্রুপ থেকেই সিটি মেয়রের কাছে আবেদন-নিবেদন করা হয়েছে। এক পর্যায়ে আমি যখন এই সিটির এশিয়ান-আমেরিকান কমিশনার হিসেবে দায়িত্বে ছিলাম, সে সময়েই সেই চেষ্টা সফল হয়েছে। আমি স্থানীয় কাউন্সিলম্যান, কংগ্রেসম্যানদের কাছে প্রবাসীদের সে আবেদনের ব্যাপারটি জোরালোভাবে উপস্থাপন করেছিলাম। তারাও সিটি মেয়রকে লিখেছিলেন। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন পার্কওয়ে এবং ১৭ স্ট্রিটে গেলেই সে পতাকা দেখা যাচ্ছে বিভিন্ন দেশের পতাকার সাথে। বাংলাদেশের পরিচিতি বহুজাতিক এ সিটিতে উজ্জ্বল হয়ে ভাসছে। এবং এটি সম্মিলিত চেষ্টার ফসল। এ পতাকা উঠানো উপলক্ষে বড়ধরনের একটি উৎসব হয়েছে। মেয়রসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধিরাও ছিলেন সে উৎসবে। কম্যুনিটি সেন্টারের জন্যেও চাই একইধরনের উদ্যোগ। কে সামনে থাকলেন, কে পেছনে পড়লেন-সেটি বিবেচনায় না রেখে একজনকে সামনে দিয়েই এগুতে হবে। এমন মানসিকতা যাদের রয়েছে, তারাই সত্যিকার অর্থে লাভবান হচ্ছেন।

প্রশ্ন : মূলধারায় বাংলাদেশি-আমেরিকানদের আরো ঘনিষ্ঠতা অর্জনে আপনার পরিকল্পনা কী?

উত্তর : এই সিটির পাশেই ‘আপার ডারবি’ নামক একটি টাউনশিপ রয়েছে। সেখানকার একজন কাউন্সিল পার্সন রয়েছেন বাংলাদেশি। শেখ সিদ্দিক অনেক আগে থেকে মূলধারায় সম্পৃক্ত। পাশেই মিলবর্নেও রয়েছেন কয়েকজন। এ দুইটি সিটি খুবই ছোট হলেও জনসংখ্যাগতভাবে বাংলাদেশি-আমেরিকানদের অবস্থান ভালো। ফিলাডেলফিয়া সিটিতে যারা সিটিজেনশিপ নিয়েছেন, তাদের সকলকে ভোটার হিসেবে তালিকাভুক্ত হতে হবে। এরপর শুরু করতে হবে তৃণমূল থেকে। অর্থাৎ প্রতিটি এলাকাতেই কমিটি পার্সন রয়েছেন। সেটি একেবারেই ছোট পদ হলেও সেখান থেকেই উঠে এসেছি আমি নিজেও। আমার ছেড়ে দেয়া পদে এখন কাজ করছেন আমার স্বামী। আমাদের সে ওয়ার্ডে বাঙালি একেবারেই নেই। তবে অন্য সকলের সাথে চমৎকার সম্পর্ক গড়েছি। সকলেই তাদের ভরসার মানুষ বলে মনে করেন আমাকে। অর্থাৎ এলাকার মানুষের সাথে সম্পর্কের ভিত যত শক্ত হবে, ততোই সামনে এগিয়ে যাওয়া কিংবা ওপরে উঠার পথ সুগম হবে।

প্রশ্ন : প্রেসিডেন্ট ওবামার উপদেষ্টা হিসেবে সারা আমেরিকায় বাঙালি কম্যুনিটির সাথেও আপনার সম্পর্ক গড়ে উঠেছে নিশ্চয়ই?

উত্তর : অবশ্যই, সে সময় আমি সবচেয়ে বেশি জায়গা ঘুরেছি। মেলামেশার সুযোগ হয়েছে অত্যন্ত ঘনিষ্ঠভাবে। সে যোগাযোগ এখনও আমি রক্ষা করে চলছি।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!