লন্ডনে আইকন কলেজের সমাবর্তন
যুক্তরাজ্যে বাঙালি মালিকানাধীন ‘আইকন কলেজ অব টেকনোলিজ অ্যান্ড ম্যানেজমেন্ট’ এর স্নাতক সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দেশটির পূর্ব লন্ডনের অট্রিয়াম হলে প্রায় দুইশ’ স্নাতক শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যসহ প্রতিষ্ঠানটির প্রায় চারশ’ অতিথি এ অনুষ্ঠানে অংশ নেন।
সমাবর্তনে প্রধান অতিথি ছিলেন লন্ডনের সাউথব্যাংক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ওয়েলসের ফার্স্ট মিনিস্টারের বিশেষজ্ঞ উপদেষ্টা অধ্যাপক ডিয়ান হপকিন।
তিনি বলেন, “দীর্ঘ শিক্ষা জীবনে একজন শিক্ষার্থীর উল্লেখযোগ্য মুহূর্ত হচ্ছে সমাবর্তন। ২০০৩ সালে প্রতিষ্ঠিত এ কলেজের সাফল্যে আমি অভিভূত। সঠিক কোর্স পছন্দের মাধ্যমে শিক্ষার্থীরা যে অনেকদূর যেতে পারেন তার দৃষ্টান্ত এ কলেজ।”
কলেজের অধ্যক্ষ অধ্যাপক নুরুন নবী বলেন, “গত ১৪ বছরে এ কলেজ অনেক চড়াই-উৎরাই পেরিয়ে এসেছে। শিক্ষার্থীদের সাফল্যে আমরা আনন্দিত।”
তিনি জানান, প্রায় বারশ’ শিক্ষার্থীর এ কলেজে বিজনেস, কম্পিউটিং, হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার, হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইত্যাদি বিষয়ে পড়াশোনা করার সুযোগ রয়েছে।
নুরুন নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৪ বছর আগে কলেজের শুরুর দিকে অন্যান্য কলেজগুলোর মতো আমরাও বিদেশি শিক্ষার্থী নির্ভর ছিলাম। অনেক কলেজ এখন বন্ধ হয়ে গেছে। কিন্তু পেশাদারিত্ব ও শিক্ষার মানের কারণে আমাদের কলেজ শুধু টিকে থাকেনি আরও শক্তিশালী হয়েছে। স্থানীয় শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করছে।”
কলেজের ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কম খরচে উচ্চমানের শিক্ষার জন্য আইকন কলেজের সুনাম এখন প্রতিষ্ঠিত। এখন থেকে প্রতি বছরই স্নাতক সমাবর্তন আয়োজন করা হবে।”
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
