মেলবোর্নে আলোকচিত্র প্রদর্শনী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে।
‘ব্রুটালিটি এগেইনস্ট হিউম্যানিটি’ শিরোনামে আগামী ১০ ডিসেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নের ছেলটেনহ্যাম রোডের স্প্রিংগার্স লেইজার সেন্টারে বিকাল ৪টা থেকে ৮টা পর্যন্ত এ প্রদর্শনীর আয়োজন করেছে ‘ফিল্মস ফর পিস ফাউন্ডেশন’।
সম্প্রতি অস্ট্রেলিয়া প্রবাসী আলোকচিত্রশিল্পী সালাহউদ্দিন আহমদসহ ফিল্মস ফর পিস ফাউন্ডেশন দলটি উখিয়া থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত বিভিন্ন স্থানে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প সরেজমিনে পরিদর্শন করে রোহিঙ্গাদের বর্তমান অবস্থা আলোকচিত্র ও চলচ্চিত্রে ধারণ করেছে।
চারটি মূল উদ্দেশ্য নিয়ে আলোকচিত্র প্রদর্শনীটি আয়োজন করেছে বলে জানায় ফিল্মস ফর পিস ফাউন্ডেশন।
১. বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা
২. রোহিঙ্গাদের উপর বর্বরোচিত অত্যাচারকে গণহত্যার স্বীকৃতি প্রদান
৩. রোহিঙ্গাদের গণহত্যার ন্যায়বিচার প্রদানসহ যথাযোগ্য মর্যাদায় পুনর্বাসন
৪. রোহিঙ্গাদের জন্য তহবিল সংগ্রহ করা
এছাড়াও প্রতিষ্ঠানটি ১৬ ডিসেম্বর কানাডার টরোন্টোতে, লন্ডন, ব্রাসেলস ও অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা, সিডনি, পার্থ এবং এডিলেডে এ প্রদর্শনিটির আয়োজনের উদ্যোগ নিয়েছে।
ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের এ ‘শান্তির জন্য চলচ্চিত্র’ প্রদর্শনীর সার্বিক সহায়তায় থাকবে সিডনি প্রেস ও মিডিয়া কাউন্সিল।
সবাইকে ব্যতিক্রমধর্মী এই আলোকচিত্র প্রদর্শনীটি দেখতে ফিল্মস ফর পিস ফাউন্ডেশন দল ও অস্ট্রেলিয়ান প্রবাসী আলোকচিত্রশিল্পী সালাহউদ্দিন আহমদ সবাইকে অনুরোধ জানিয়েছেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
