মুক্তিযোদ্ধাদের ‘জাতীয় বীর’ ঘোষণার দাবি যুক্তরাষ্ট্রে
মুক্তিযোদ্ধা দিবসে মুক্তিযোদ্ধাদেরকে ‘জাতীয় বীর’ ঘোষণার দাবি জানানো হয়েছে ‘সেক্টর কমান্ডার্স ফোরাম, যুক্তরাষ্ট্র শাখা’র সমাবেশে।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় নিউ ইয়র্কে ‘মুক্তিযোদ্ধা দিবস’ উপলক্ষে এ সমাবেশের আয়োজন করে সংগঠনটি।
সমাবেশে মুক্তিযোদ্ধাদের ‘জাতীয় বীর’ ঘোষণার পাশাপাশি তাদের মাসিক ভাতা বাড়িয়ে ২০ হাজার টাকা করার দাবিও জানানো হয়।
সমাবেশ সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি রাশেদ আহমেদ ও পরিচালনা করেন সেক্রেটারি রেজাউল বারি।
এছাড়া আরও উপস্থিত ছিলেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আবুল কাশেম, নির্বাহী সদস্য কানু দত্ত, সাপ্তাহিক বন্ধনের সম্পাদক সঞ্জীবন কুমার ও কম্যুনিটি অ্যাক্টিভিস্ট গোপাল সান্যাল।
যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া অব্যাহত রাখার পাশাপাশি রাজনীতিতে তাদের পরিবার ও পরবর্তী প্রজন্মের অধিকার রহিত করতে আইন প্রণয়নেরও দাবি জানানো হয় সমাবেশে।
এ সময় আসন্ন বিজয় দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের কর্মসূচিকে সফল করতে সকলকে এগিয়ে আসার অনুরোধ জানানো হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
