২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের ভূমিকা শীর্ষক সেমিনার যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ‘বাংলাদেশের রাজনীতিতে ছাত্রলীগের ভূমিকা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2017, 11:29 AM

Updated : 11 Oct 2022, 02:47 PM

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে মেজবান পার্টি হলে এ আয়োজন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।

সেমিনার সঞ্চালনা করেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মো.ফারুক আহমেদ। বিষয়বস্তুর ওপর লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের অন্যতম সহ-সভাপতি শামসুদ্দিন আজাদ।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আব্দুল মান্নান এমপি বলেন, “তলাবিহীন ঝুড়ির অপবাদ ঘুচিয়ে বাংলাদেশ আজ  উপচে পড়া ঝুড়ির দেশে পরিণত হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দূরদরির্শতাপূর্ণ নেতৃত্ব গুণে।”

মান্নান বলেন, “বাংলাদেশের স্বাধীনতার পরই মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছিল জাসদ নামক সংগঠনটি। সদ্যস্বাধীন বাংলাদেশকে অস্থিতিশীল করার মতলবে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের তকমা লাগিয়ে ঐতিহ্যবাহী ছাত্রলীগে ভাঙনের জঘন্য চেষ্টা চালানো হয়। শুধু তাই নয়, পঁচাত্তরের ১৫ আগস্ট হত্যাকাণ্ডের প্লট তৈরির ক্ষেত্রেও এই বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ব্যানারে অনেক কাজ হয়েছে, যা এখন সংশ্লিষ্টরা অনুধাবনে সক্ষম হয়েই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ গড়ার কাজে মনোনিবেশ করেছেন।”

আব্দুল মান্নান আরও বলেন, “একাত্তরে যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, যারা পাক হায়েনাদের দালালি করেছে, সেই শ্রেণির মানুষেরা এখনও ছাত্রলীগের ঐতিহাসিক ইমেজ বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ছাত্রলীগের সংগ্রামী ইতিহাসকে খাটো করতে ওরা সংঘবদ্ধভাবে ষড়যন্ত্র চালাচ্ছে। কিন্তু বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অবিচল আস্থাশীল একজনকেও বিভ্রান্ত করা সম্ভব হবে না।”

সেমিনারে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরল আমিন বাবু, সহ-সভাপতি মাসুদ হোসেন সিরাজি, আবুল হুসেন, মোর্শেদা জামান, মো. আব্দুল কাদের মিয়া ও আলমগীর মিয়া, যুগ্ম সম্পাদক খায়রোল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শিবলী সাদিক, নান্টু মিয়া, মাহফুজুল হায়দার চৌধুরী এবং সুমন মাহমুদ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি আকতার হোসেন ও সৈয়দ বসারত আলী, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান ও আবুল হাসিব মামুন, প্রচার সম্পাদক হাজী এনাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম, যুব সম্পাদক মাহবুবুর রহমান টুকু, ত্রাণ সম্পাদক জাহাঙ্গির হোসেন, স্বেচ্ছাসেবক লীগের আন্তর্জাতিক সম্পাদক সাখাওয়াত বিশ্বাস, আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য শাহানারা রহমান, খোরশেদ খন্দকার, সাবেক সাধারণ সম্পাদক এম এ সালাম ও উপদেষ্টা পরিষদের সদস্য হাকিকুল ইসলাম খোকন। 

সভাপতির সমাপনী বক্তব্যে সিদ্দিকুর রহমান বলেন, “ছাত্রলীগের ভূমিকা স্বর্ণাক্ষরে লেখা রয়েছে বাংলাদেশের ইতিহাসে। সুতরাং এ নিয়ে বিভ্রান্তির অবকাশ থাকতে পারে না।”

ছাত্রলীগের সাবেক নেতা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী এ সেমিনার প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, “একাত্তরের পরাজিত শক্তির দোসরেরা এই প্রবাসেও সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচারে লিপ্ত রয়েছে। এহেন অপতৎপরতা রুখে দিতে মুজিব সৈনিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিশেষ করে ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে অতন্দ্র প্রহরীর ন্যায় কাজ করতে হবে।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!