২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যথারীতি জমকালো ছিল এবারের ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড

যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হয়েছে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের ১৩তম আসর, যা ছিল অন্যান্যবারের মতোই জমকালো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শারমিন জান্নাতু ভুট্টো, লন্ডন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2017, 02:00 AM

Updated : 11 Oct 2022, 02:46 PM

স্থানীয় সময় সোমবার রাতে লণ্ডনের বাটারসি ইভ্যুলুশন হলে বসেছিলো যুক্তরাজ্যে ব্যবসা চালানো বাংলাদেশি ও ভারতীয় খাবারের সেরাদের পুরস্কৃত করার এ আসর।

বৃটিশ কারী অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা এনাম আলী এমবিই তার স্বাগত বক্তব্যে আগত অতিথিদের শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে এ অনুষ্ঠানের সূচনা করেন।

তিনি তার বক্তব্যে ভিসা প্রসেসিং সেন্টার ঢাকা থেকে দিল্লিতে স্থানান্তর, রেস্তোরাঁগুলোয় কর্মক্ষম শেফের অভাব এবং সেগুলোর অনেকগুলো নানা আইনি জটিলতায়  বন্ধ হয়ে যাওয়ার বিষয়গুলো তুলে ধরে এ শিল্প রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন ও বর্তমান প্রধানমন্ত্রী থেরেসা মে এক ভিডিও বার্তায় বৃটিশ কারি অ্যাওয়ার্ডের সার্বিক সাফল্য কামনা করেন।

এবারের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন ব্রিটেনের মন্ত্রী, এমপি, প্রধান প্রধান সংবাদমাধ্যমগুলোর সম্পাদক, সাংবাদিক, পরিচালক এবং কমিউনিটি মিডিয়া ও সমাজের বিশিষ্টজনেরা।

এবারও বৃটিশ কারি অ্যাওয়ার্ডে বিপুলসংখ্যক রেস্তোরাঁ ‘পাবলিক নমিনেশন’ পেয়েছে। পাবলিক নমিনেশন পাওয়া ১৮ হাজার রেস্তোরাঁ থেকে প্রতিযোগিতার জন্য প্রাথমিকবাবে ২ হাজার ৪৫৯টি রেস্তোরাঁকে বাছাই করা হয়।

চূড়ান্ত ধাপে ১০৫টি রেস্তোরাঁ প্রতিযোগিতায় টিকে থাকে। তার মধ্যে ১২টি ক্যাটাগোরিতে এসব রেস্তোরাঁ ও শেফদের পুরস্কার দেওয়া হয়।

জাঁকজমক এ অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে ছিলো মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। সেই সাথে ছিলো বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গানের পরিবেশনা।

এছাড়া এবারের অনুষ্ঠানে রোহিঙ্গাদের জন্য তহবিল সংগ্রহ এবং তাদের পাশে দাঁড়াতে সবাইকে বাংলাদেশকে সহযোগিতার আহ্বান জানানো হয়।

পুরো অনুষ্ঠানটি সরাসরি প্রচার করে ‘আই অন টিভি ইউকে’। অনুষ্ঠান শেষ করার আগে সবাইকে ধন্যবাদ জানিয়ে এনাম আলী এমবিই বাঙালি কমিউনিটির নতুন চ্যানেল আই অন টিভির কর্মকর্তা ও পুরো দলের সাথে সবাইকে পরিচয় করিয়ে দেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!