২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুঃস্থদের সহায়তায় আটলান্টায় সাংস্কৃতিক অনুষ্ঠান

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে বাংলাদেশের দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে তহবিল সংগ্রহের লক্ষ্যে এক প্রীতি নৈশ ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে মানচিত্র ফাউন্ডেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জর্জিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2017, 06:53 PM

Updated : 11 Oct 2022, 02:46 PM

আটলান্টার বিভার রুইন রোডের মন্টে কার্লো বল রুমে গত ১৯ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ওই অনুষ্ঠানটি হয়।

নবীন ও প্রবীণ সংগঠকদের সমন্বয়ে গড়ে ওঠা মানচিত্র ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক এ এইচ রাসেলের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে ওই অনুষ্ঠানটি শুরু হয়।

শুভেচ্ছা বক্তব্যের পর্বে মানচিত্র ফাউন্ডেশনের গত কয়েকমাসের সফল কর্মতৎপরতার প্রশংসাসহ বেশ কিছু পরামর্শ দিয়ে অংশ নেন সংগঠনের উপদেষ্টা মশিউর রহমান চৌধুরী, বাংলাদেশ ফাউন্ডেশন অব জর্জিয়ার সভাপতি মোহাম্মদ আলী মানিক, ফোবানার সাবেক নির্বাহী সচিব এম মওলা দিলু, ২০১৮ সালে আটলান্টায় অনুষ্ঠিতব্য ফোবানা সম্মেলনের আহ্বায়ক জসিম উদ্দিন, জর্জিয়া আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী হোসেন ও সাধারণ সম্পাদক মাহমুদ রহমান, জর্জিয়া বিএনপির সভাপতি নাহিদুল খান সাহেল, ডেমোক্র্যাটিক পার্টির  জাতীয় কমিটির প্রথম বাংলাদেশি কার্যকরী সদস্য শেখ রহমান চন্দন, জর্জিয়া আওয়ামীলীগের সাবেক সভাপতি সলিমউল্লাহ সলি, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির কাওসার প্রমুখ।

পুরো অনুষ্ঠানটির সাবলীল সঞ্চালনায় ছিলেন সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক রুমী কবির।

আলোচনা চলার সময়ে অতিথিদেরকে টেবিলে রাখা আর্থিক সাহায্যের অনুরোধ-ফর্ম পূরণ করে সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আবেদন জানান আয়োজকরা। 

দ্বিতীয় পর্বে মন্টে কার্লোর সত্তাধিকারী হান্নান চৌধুরীর তত্ত্বাবধানে নৈশ ভোজে সকলকে আপ্যায়িত করা হয়। এবং শেষ পর্বে সাংস্কৃতিক সন্ধ্যায় এসময়ের নতুন প্রজন্মের প্রতিশ্রুতিশীল শিল্পী রোকসানা মির্জা বেশ কয়েকটি জনপ্রিয় গান গেয়ে দর্শক-শ্রোতাদের আকৃষ্ট করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফোবানার সাবেক চেয়ারম্যান ডিউক খান, ব্যবসায়ী আবু তালুকদার ও এনামুল হক, ডেমোক্র্যাটিক পার্টির এশিয়ান ককাসের সাধারণ সম্পাদক আহমাদুর রহমান পারভেজ,  বাংলাধারার উপদেষ্টা ও সাংবাদিক সাংবাদিক শামসুল আলম, বাংলাধারার পরিচালক মারুফ ভূঁইয়া প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতি এ এইচ রাসেল সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুব আলম সাগরসহ সকল কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন।

পরে রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মানচিত্র ফাউন্ডেশনের সকল সদস্য, সমর্থক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় এপর্যন্ত তারা নিজ হাতে দুঃস্থদের মাঝে বিশেষকরে ঝালকাঠি, ফেনী, জামালপুর, শেরপুর, নোয়াখালী, কুষ্টিয়া ও পাবনায় স্বল্প পরিসরে হলেও সহায়তা দিতে পেরেছেন। এছাড়া কিডনি রোগীর আর্থিক সহায়তা, মেধাবী গরিব ছাত্রীর পড়াশুনার ব্যয়, জামালপুর ও শেরপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ দেয়াসহ প্রতিষ্ঠানের নিজ অর্থায়নে দ্বিতল বিশিষ্ট একটি এতিমখানা নির্মাণের কাজও চলছে ঝালকাঠিতে”।

রাসেল আরও জানান, কুষ্টিয়ার মোকাররম নামের দৃষ্টিপ্রতিবন্ধী এক কিশোরের চিকিৎসার দায়িত্ব ও পাবনার দরিদ্র পিতার কিশোরী মেয়ে রিতার পায়ের চিকিৎসার দায়িত্ব নিয়েছে এই এই সংগঠনটি।

জামালপুরের অসহায় হতদরিদ্র পিতা মনতোষ পালের কন্যার বিয়ের সহায়তা দেওয়া এবং আটলান্টায় সম্প্রতি গুলিতে নিহত রেজোয়ানের পরিবারের সাহায্যেও ফাউন্ডেশনের সদস্যরা এগিয়ে এসেছেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!