যুক্তরাষ্ট্রে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা
যুক্তরাষ্ট্রে বিএনপির সহযোগী সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল’-এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় রোববার রাতে নিউ ইয়র্কের ব্রুকলিনে গ্রিনহাউজ পার্টি সেন্টারে এ সভার আয়োজন করে বিএনপির সহযোগী এ সংগঠনটি।
আলোচনার বিষয়বস্তু ছিলো ‘বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয়তাবাদী রাজনীতি কোন পথে এবং আমাদের করণীয়’।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি আবু মো.ইশতিয়াক আজিজ উলফৎ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবরউদ্দিন এবং পরিচালনা করেন যৌথভাবে সংগঠনের সেক্রেটারি মো.সুরুজ্জামান ও ব্রুকলিন বিএনপির সেক্রেটারি জাহাঙ্গির সোহরাওয়ার্দি।
এ সময় প্রধান অতিথি মো.ইশতিয়াক আজিজ বলেন, “একাত্তরের ন্যায় আরেকটি যুদ্ধের জন্যে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তবে এ যুদ্ধ অস্ত্র হাতে নয়, ব্যালটে করতে হবে। সামনের নির্বাচনে ব্যালট যুদ্ধে জয়ী করতে হবে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন জোটকে।”
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন রোহিঙ্গা ইস্যুর স্থায়ী সমাধানে খাঁটি দেশপ্রেমিকদের সমন্বয়ে সরকার গঠনের বিকল্প নেই বলে মন্তব্য করেন।
আলোচনায় আরো অংশ নেন কাজী আজহারুল হক মিলন ও আলী ইমাম মজুমদার, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সেক্রেটারি জিল্লুর রহমান ও মোস্তফা কামাল পাশা বাবুল, চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি কাজী আজম, যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি ও নিউ ইয়র্ক সিটি বিএনপির সভাপতি মাহফুজুল মাওলা নান্নু।
এছাড়া আরও অংশ নেন যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আবু তাহের, ব্রুকলিন বিএনপির উপদেষ্টা শাহীন সিদ্দিকী, সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরামের নেতা হায়দার আলী, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি শাহাদৎ হোসেন রাজু, নিউ ইয়র্ক স্টেট বিএনপির সহ-সভাপতি সোহরাব হোসেন, আবুল বাশার ও এবাদ চৌধুরী।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
