যুক্তরাষ্ট্রে প্রবাসীদের বাড়ি কেনা বিষয়ক সভা
যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের বাড়ি কেনা বিষয়ক তথ্য ও সুযোগ-সুবিধা নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার দেশটির জর্জিয়া অঙ্গরাজ্যে আটলান্টার মনসুন মাসালা রেস্তোরাঁয় এ সেমিনারের আয়োজন করে আটলান্টার বাংলাদেশি মালিকানাধীন দুই প্রতিষ্ঠান ‘এএ ইউএস মর্গেজ’ ও ‘মেক্সিমা রিয়েলিটি’।
মাহমুদ রহমানের পরিচালনায় আয়োজক দুই প্রতিষ্ঠানের মালিক মাহবুবুর রহমান ভূঁইয়া ও এনামুল হক নতুন প্রবাসী বাংলাদেশিদের বাড়ি কেনায় উৎসাহিত করেন এবং বাড়ি কেনার ক্ষেত্রে বিভিন্ন সতর্কতামূলক তথ্য দেন।
‘এএ ইউএস মর্গেজ’এর নির্বাহী পরিচালক মাহবুবুর রহমান ভুঁইয়া বলেন,“প্রবাসীদের এখন বাড়ি ভাড়ায় টাকা খরচ না করে সেই টাকা নিজের বাড়িতে বিনিয়োগ করা উচিত।”
‘মেক্সিমা রিয়েলিটি’ এর মালিক এনামুল হক বলেন,“অনেকেই বাড়ি কেনার পর অতি উৎসাহী হয়ে বাড়িকে ইচ্ছেমতো সাজাতে গিয়ে কষ্টে উপার্জিত সব টাকাই খরচ ফেলেন। অথচ এটা কোনভাবেই ঠিক নয়। নিজের আরাম-আয়েশের পাশাপাশি মনে রাখতে হবে আত্মীয়-স্বজন,প্রতিবেশীর কথাও।”
তিনি আরও বলেন,“যে কোন ছোটখাটো সমস্যার ব্যাপারে নির্ধারিত বীমা কোম্পানির সঙ্গে ঘন ঘন যোগাযোগ করতে গেলে হিতে বিপরীত হতে পারে। অর্থ্যাৎ বারবার যোগাযোগের কারণে গ্রাহক হিসেবে ভাবমূর্তির ক্ষতি হয়,আর তা থেকে নিজেরই ক্ষতি হয়।”
সভা শেষে প্রশ্ন-উত্তর পর্বে সহযোগিতা করেন সুলতান আহমেদ ও কাজী আনোয়ার হোসেন। এ পর্বে গ্রাহকদের নানা প্রশ্নের উত্তর দেওয়াসহ বিভিন্ন তথ্য জানানো হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন- মুহাম্মদ আলী মানিক, জসিম উদ্দিন ও নাহিদুল খান সাহেল।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
