সৌদিতে পৃথক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু
সৌদি আরবে পৃথক দুটি দুর্ঘটনায় দু’জন বাংলাদেশি মারা গেছেন।
তারা হলেন মোহাম্মদ সোহাগ মিয়া (৪০) ও নুরুল ইসলাম (৪০)।
শুক্রবার স্থানীয় সময় বিকেলে সৌদি আরবের আছির প্রদেশের মাদ্দা এলাকা থেকে খামিস মোশায়েত যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান সোহাগ মিয়া।
সোহাগ মিয়া ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার শিমরাইল গ্রামের মো. সফি আলমের ছেলে। তিন ভাই ও দুই বোনের মধ্যে সে সবার বড়।
বাংলাদেশি প্রত্যক্ষদর্শী আবুল হাসেন বলেন, “আছিল প্রদেশ থেকে ফেরার পথে একটি ট্রেলারকে ওভারটেক করতে চাইলে ট্রেলারটি চাপা দিলে গাড়ি উল্টে ঘটনাস্থলে প্রাণ হারান সোহাগ মিয়া।”
পুলিশ লাশটি উদ্ধার করে মাদ্দা জেনারেল হাসপাতালের হিমঘরে রেখেছে বলে জানা গেছে।
অন্যদিকে বুধবার স্থানীয় সময় সকালে জেদ্দায় বন্যার পানিতে বিদ্যুৎতাড়িত হয়ে মারা যান নুরুল ইসলাম।
তার বাড়ি কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের আলিপুর গ্রামে। তিনি জেদ্দার ডক্টর ইরফান হাসপাতালের গাড়িচালক হিসেবে কাজ করতেন।
বাংলাদেশি মোবারক হোসেন বলেন, “জেদ্দা বাওয়াদি বদরউদ্দিন হাসপাতালের সামনে ভারি বৃষ্টির দিনে সকাল নয়টায় নুরুলের গাড়ি বন্ধ হয়ে যায়। এসময় তিনি গাড়ি থেকে নামার সময় সেখানে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।”
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
