২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সংখ্যালঘুর নিরাপত্তা’ দাবিতে নিউ ইয়র্কে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের বিক্ষোভ

বাংলাদেশের ‘সংখ্যালঘুদের রক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবিতে’ নিউ ইয়র্কে বিক্ষোভ করেছে ‘বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ’ যুক্তরাষ্ট্র শাখা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2017, 05:02 PM

Updated : 11 Oct 2022, 02:46 PM

স্থানীয় সময় শুক্রবার বিকেলে কুইন্সে নর্দার্ন বুলেভার্ডে বাংলাদেশ কনসুলেটের সামনে এ সমাবেশ থেকে সহকারী কনসাল জেনারেল শহিদুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।

‘টার্গেটেড কিলিং, ধর্ষণ, অগ্নিসংযোগ এবং সামাজিক ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত হামলার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়া’ শিরোনামে প্রধানমন্ত্রীর বরাবরে দেওয়া স্মারকলিপির এ কপি দেন সংগঠনের নেতা নয়ন বড়ুয়া, জেমস রয় ও স্বপন দাস।

সমাবেশে আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন দাস বলেন, “আওয়ামী লীগকে সংখ্যালঘুরা সবসময় নিজেদের পরম বন্ধু করলেও গত কয়েক বছরের আচরণে তার কোন প্রকাশ ঘটেনি।”

ঐক্য পরিষদের আন্তর্জাতিক সমন্বয়কারি শিতাংশু গুহ বলেন, “রামু, অভয়নগর, নাসিরনগর, মাধবপুর, রংপুর ও অন্যান্য স্থানে সাম্প্রতিক বছরগুলোতে যে হামলা হয়েছে, সবগুলো একই ধরণের। পরিকল্পিতভাবে তা করা হয়। সবগুলোর ব্যাপারে দায়েরকৃত মামলায় তাদেরকেও গ্রেপ্তার দেখানো হয়েছে যারা ওইসব আক্রমণের শিকার।”

ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুশীল সাহা বলেন, “আওয়ামী লীগের ভোট ব্যাংক হচ্ছে হিন্দুসহ সংখ্যালঘুরা। অথচ সেই আওয়ামী লীগের আমলেই সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছি আমরা।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন- শ্রীকৃষ্ণভক্তসংঘের নেতা প্রভাত দাস ও সুশীল সাহা, জ্যামাইকা হিন্দু কমিউনিটির প্রিয়তোষ দে, পূজা উদযাপন পরিষদের ভজন সরকার, ঐক্য পরিষদের তপন সেন ও মনিকা রায়।

স্মারকলিপির কপি আরও যাদের দেওয়া হয়েছে- মার্কিন সিনেট ও প্রতিনিধি পরিষদে পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান, ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল ফ্রিডম, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়, কংগ্রেসনাল বাংলাদেশ ককাসের প্রতিষ্ঠাতা চেয়ার কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলি, কংগ্রেসওম্যান তুলশি গ্যাবোর্ড, ঢাকার মার্কিন দূতাবাস, ঢাকার ভারতীয় হাই কমিশনার, যুক্তরাজ্যের হাই কমিশনার, জার্মান দূতাবাস, ফ্রেঞ্চ দূতাবাস, সুইডেন দূতাবাস, নিউ ইয়র্কে ভারতীয় কনসাল জেনারেল, বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশন, জাতিসংঘ মানবাধিকার কমিশন, মানবাধিকার বিষয়ক ইউরোপিয় কমিশন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, হিন্দু আমেরিকান ফাউন্ডেশন ও সার্ক সচিবালয়।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!