নিউ ইয়র্কে রুশ বিপ্লবের শতবার্ষিকী উদযাপন
শ্রমজীবীদের অধিকার প্রতিষ্ঠায় লেনিনের দেখানো বিপ্লবের বিকল্প নেই বলে মত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক আলোচনা সভার বক্তারা।
স্থানীয় সময় শনিবার অক্টোবর বিপ্লব শতবর্ষ উদযাপন কমিটি, যুক্তরাষ্ট্র আয়োজিত নিউ ইয়র্কের এ আলোচনা সভায় রুশ বিপ্লবোত্তর সমাজতন্ত্রের প্রয়োগ ও সঙ্কট নিয়ে আলোচনার সময় তারা এ মন্তব্য করেন।
হলভর্তি বিপুলসংখ্যক প্রবাসীর উপস্থিতিতে মহান রুশ বিপ্লবের ১০০ বছর পূর্তির অনুষ্ঠানটি হয় নিউ ইয়র্কের জ্যামাইকার স্টার পার্টি হলে।
রুশ বিপ্লবোত্তর সমাজতন্ত্র, আগামী পৃথিবীতে সমাজতন্ত্রের ভূমিকা ও বাংলাদেশে সমাজতন্ত্রের ভবিষ্যত ইত্যাদি নিয়ে আয়োজিত এই আলোচনা সভায় বক্তরা বলেন, রুশ বিপ্লবের সাফল্যের মাধ্যমে পৃথিবীর বুকে রাশিয়ায় সর্বপ্রথম শ্রমজীবী মানুষ ক্ষমতাসীন হয়, বিভিন্ন ভুল-ত্রুটির কারণে যা এক পর্যায়ে ব্যর্থ হয়ে যায়।
তারা বলেন, ব্যর্থ হওয়া সত্ত্বেও খেঁটে খাওয়া সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রয়োজনে সমাজতন্ত্র বিকাশের সকল ভুল-ত্রুটি বিশ্লেষণ করে আবারো লেনিনের প্রদর্শিত বিপ্লবের কোন বিকল্প নেই।
আলোচনা সভাটি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাষ্ট্র শাখার পরিবেশিত গণসঙ্গীত দিয়ে শুরু হয়।
আলোচনা পর্বে আর্ন্তজাতিক রাজনীতিতে অক্টোবর বিপ্লবের অবদান, ভবিষ্যত সমাজতান্ত্রিক রাজনীতিতে তার কি প্রভাব হবে ও বাংলাদেশের অবস্থান কোথায়, এসব বিশ্লেষণ করেন বক্তারা।
এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য চিন্তাবিদ এম এম আকাশ, বিশ্বব্যাংকের উর্দ্ধতন অর্থনৈতিক পরামর্শদাতা বিনায়ক সেন, ডাকসুর সাবেক এজিএস ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদ সাবেক সভাপতি নাসির-উদ-দুজা এবং প্রকৌশলী, বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ও বুদ্ধিজীবি মহসিন সিদ্দিক।
অক্টোবর বিপ্লব শতবর্ষ উদযাপন কমিটি, যুক্তরাষ্ট্র-এর আহ্বায়ক বিশিষ্ট অর্থনীতিবিদ ও জাতিসংঘের অর্থনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম এবং সদস্য সচিব সাবেক ছাত্র নেতা মোহাম্মাদ হারুন অনুষ্ঠানে যোগদান করার জন্য সবাইকে ধন্যবাদ জানান।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
