২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন কংগ্রেসে লবিংয়ের পরিকল্পনা যুক্তরাষ্ট্র বিএনপির

‘নিদর্লীয় নিরপেক্ষ সরকারে’র অধীনে নির্বাচনের দাবি আদায় করতে যুক্তরাষ্ট্র কংগ্রেসে ‘লবিং’ এর পরিকল্পনা করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2017, 09:09 PM

Updated : 19 Aug 2022, 05:57 PM

নিউ ইয়র্কের স্থানীয় সময় সোমবার রাতে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা এ কথা জানান।

বিবৃতিতে বিএনপির মূলধারার রাজনীতিক আকতার হোসেন বাদল, রাফেল তালুকদার, জসীম উদ্দিন, সরোয়ার খান বাবু, রফিকুল ইসলাম ডালিম, আশরাফ হোসেন এবং আলমগীর হুসেন স্বাক্ষর করেন।  

এতে বলা হয়, ‘নানা ধরনের ভয়-ভীতি এবং পাবলিক পরিবহন চলাচলের ওপর অঘোষিত নিষেধাজ্ঞা সত্ত্বেও সোহরাওয়ার্দি উদ্যানে বিএনপির সমাবেশে লক্ষাধিক লোকের সমাগম ঘটে। এর মধ্যদিয়েই বিএনপির পুনর্জাগরণ ঘটেছে এবং চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বক্তব্যেও বাংলাদেশের আপামর জনতার মনোভাবের প্রতিফলন ঘটেছে।’

বিবৃতিতে নিউ ইয়র্ক এবং যুক্তরাষ্ট্রকে ‘বিএনপির ঘাঁটি’ বলে দাবি করে বলা হয়, ‘এখান থেকে মঈন-ফখরুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত রচনার যে নজীর রয়েছে, সে অনুযায়ী পুনরায় মার্কিন কংগ্রেসে দেনদরবার শুরু করা হচ্ছে। নির্দলীয়-নিরপেক্ষ সরকারের দাবি আদায়ে আন্তর্জাতিক চাপের বিকল্প নেই।’

এতে আরও বলা হয়, ‘যুক্তরাষ্ট্র কংগ্রেসে ইতোমধ্যে বাংলাদেশের পরিস্থিতির ওপর আলোকপাত করা হয়েছে। সকলেই জেনে গেছেন বাংলাদেশের গণতন্ত্রহীনতার কথা।‘

‘স্বৈরাচার-বিরোধী আন্দোলনের প্রস্তুতি গ্রহণের ডাক দেওয়ার জন্যে’ বিবৃতিতে বিএনপি নেত্রী খালেদা জিয়াকেও ‘সংগ্রামী অভিনন্দন’ জানানো হয়েছে।

তৃণমূলের কর্মীরা এমন একটি আহ্বানের অপেক্ষায় ছিলেন বলেও মন্তব্য করেছেন প্রবাসের এই নেতারা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!