নিউ ইয়র্কে ছিনতাইয়ের শিকার মুক্তিযোদ্ধার দেড় মাসেও জ্ঞান ফেরেনি
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের রাস্তায় ছিনতাইকারী ধরতে গিয়ে আহত এক মুক্তিযোদ্ধার দেড় মাসেও জ্ঞান ফেরেনি।
মুক্তিযোদ্ধা শাহ আলম (৭২) জ্যাকসন হাইটসের কাছে এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসকদের বিশেষ তত্ত্বাবধানে রয়েছেন। তার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নজিবপুর গ্রামে।
গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় জ্যামাইকায় হিলসাইড অ্যাভিনিউতে এমএম ওয়ারলেস নামে একটি টেলিফোন দোকানের সামনে নিজের মোবাইলে কথা বলার সময় এক ছিনতাইকারী তা কেড়ে নিয়ে দৌড় দেয়।
মুক্তিযোদ্ধা শাহ আলম ছিনতাইকারীকে ধরতে ধাওয়া দিলে ছিনতাইকারীর এক সহযোগী তার মাথায় আঘাত করে। এতে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান শাহ আলম।
এ ঘটনায় গত ৫ অক্টোবর ছিনতাইকারী শাইকুয়ান কিম্ব্যাল (১৬) ও তার সহযোগী জালাল স্টিলকে (১৬) পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।
শনিবার সন্ধ্যায় মুক্তিযোদ্ধা শাহ আলমের খোঁজ নিতে হাসপাতালে যান নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান।
এসময় তার সঙ্গে ছিলেন ‘সেক্টর কমান্ডার্স ফোরাম’ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি রাশেদ আহমেদ, সাধারণ সম্পাদক রেজাউল বারী, নির্বাহী সদস্য ও ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’ এর সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার।
কনসাল জেনারেলকে চিকিৎসক হিকস জানান, ঘটনায় শাহ আলমের মাথায় প্রচুর রক্তক্ষরণ হয়েছিলো। এখন পর্যন্ত তার অবস্থার অবনতি না ঘটলেও কোন অগ্রগতি হয়নি।
এদিকে বয়সের কারণে চিকিৎসায় আশাব্যঞ্জক সাড়া মিলছে না বলে চিকিৎসকরা শাহ আলমের এক আত্মীয়কে জানিয়েছেন।
৪ বছর আগে স্ত্রী ও ১৪ বছরের মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে এসেছিলেন শাহ আলম। তার স্ত্রীও ব্রেন টিউমারে আক্রান্ত।
এদিকে নিউ ইয়র্কে বাংলাদেশ কন্সুলেটের প্রথম সচিব শামীম হোসাইন, নিউ ইয়র্ক কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি গিয়াসউদ্দিন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শাহ আলমের খোঁজ-খবর নিচ্ছেন বলে জানা গেছে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
