নিউ ইংল্যান্ড আ.লীগের সভা অনুষ্ঠিত
যুক্তরাষ্ট্রে নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় বস্টনের একটি পার্টি হলে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
সভায় সভাপতিত্ব করেন নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সভাপতি মো.ইউসুফ চৌধুরী ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইকবাল ইউসুফ।
এ সময় তারানা হালিম বলেন, “সকল ষড়যন্ত্র নস্যাৎ করে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে ও চলমান উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রাখার স্বার্থেই বাংলাদেশের মানুষ নৌকা মার্কায় ভোট দেবে।”
বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণের সর্বশেষ অগ্রগতি সরেজমিনে পরিদর্শনের জন্যে গত ২৮ অক্টোবর ফ্লোরিডায় আসেন তারানা হালিম। বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাশুন্যে উৎক্ষেপণের পরই বাংলাদেশ ফোর-জি সেবা সাধারণ মানুষের জন্যে চালু করতে সক্ষম হবে-যা সকল কর্মকাণ্ডে গতি আনবে বলে মনে করেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, “যেসব অপশক্তি বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে বিদেশে নানা প্রপাগান্ডা চালাচ্ছে, তাদের শক্ত হাতে দমন করা হবে।”
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা সৈয়দ আবু হাসনাত, নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সালাউদ্দিন চৌধুরী, সাহাবুদ্দিন রবি, আবু জালাল, আহমেদ হাসান, ইদ্রিস আলী, মিন্টো কামরুজ্জামান, জিয়াউল হাসান, নুর হোসেন ও নাহীদ সিতারা।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
