২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডা উদীচীর আয়োজনে লোক উৎসব

‘বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কানাডা শাখা’র আয়োজনে দ্বিতীয়বারের মতো ‘লোক উৎসব-২০১৭’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অখিল সাহা, কানাডার টরন্টো থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2017, 01:32 PM

Updated : 19 Aug 2022, 05:56 PM

স্থানীয় সময় ১১ নভেম্বর শনিবার বিকালে ‘বাংলাদেশ কানাডা হিন্দু কালচারাল সোসাইটির (বিসিএইচসি)’ মিলনায়তনে এ  উৎসব অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

অনুষ্ঠানে উদীচীর নিয়মিত শিল্পীদের পাশাপাশি আমন্ত্রিত অতিথি শিল্পী হিসাবে কানাডায় বসবাসরত অনেক প্রবাসী বাংলাদেশি শিল্পী অংশ নেবেন বলে নিশ্চিত করেছে সংগঠনটি। এদের মধ্যে রয়েছেন আলমপিয়া মিউজিক স্কুলের অধ্যক্ষ শিল্পী এ এফ এম আলীমুজ্জামান, ক্যালগারি থেকে শিল্পী পিনু সাত্তার, টরন্টোর শিল্পী ইলোরা আমিনসহ আরও অনেকে।

কয়েকটি পর্বে ভাগ করা এ উৎসবে উদীচীর নিজস্ব পরিবেশনা লোকগীতি আলেখ্য  ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’ ও নৃত্য নির্দেশক তাপস দেবের পরিচালনায় চট্টগ্রাম অঞ্চলের লোক গীতি নৃত্যনাট্য ‘ভেলুয়া সুন্দরী’ পরিবেশিত হবে।

অনুষ্ঠান টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে পাঁচ ডলার।  ১৫ বছরের উর্ধ্বে সকলেই এ অনুষ্ঠান উপভোগ করতে পারবেন বলে জানিয়েছে আয়োজকরা। লোক উৎসবের পাশাপাশি থাকবে ঐতিহ্যবাহী বাঙালি খাবারের দোকান ও পোশাকের দোকান।

আয়োজক ও কর্মীদের পাশাপাশি দর্শনার্থীদেরও শাড়ি-পাঞ্জাবিসহ দেশিয় পোশাকে সজ্জিত হয়ে আসার অনুরোধ জানিয়েছেন কানাডা উদীচীর সভাপতি আজফার ফেরদৌস ও সাধারণ সম্পাদক সৌমেন সাহা।

অনুষ্ঠানে লোকগীতি, লোকনৃত্য, লোকনাট্য, জারি-সারি, পুঁথি পাঠ, লালনগীতি, ভাটিয়ালী, হাসন রাজা-রাধা রমনসহ অন্যান্য দেশিয় গানের আয়োজন রাখা হয়েছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!