প্রবাসীর ভাবনা: আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর কী হবে?
সাম্প্রতিক সময়ে সংবাদমাধ্যমে প্রকাশিত কিছু সংবাদ ভীষণভাবে পীড়া দিচ্ছে। এরমধ্যে নভেম্বরের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে হাতাহাতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়-বুয়েট শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা দু’টি বিশেষভাবে উল্লেখযোগ্য।
বাংলাদেশের জ্ঞানচর্চা কিংবা উদ্ভাবনের কেন্দ্রবিন্দু হিসেবে এই বিশ্ববিদ্যালয় দু’টোর প্রতি আমাদের চাওয়াটা একটু বেশি। গবেষণা, জ্ঞানচর্চা ও উদ্ভাবনের মাধ্যমে যাদের রাষ্ট্রকে সেবা করার কথা কিংবা জব্দ করার কথা, তারাই আজ নোংরা রাজনীতির তল্পিবাহক। ক্ষমতার পালা বদলের সাথে সাথে তারাও মসনদে আহরণের নেশায় মত্ত। জ্ঞানচর্চা তাদের কাছে ঠুনকো।
আবার যে ক’জন শিক্ষক জ্ঞানচর্চায় নিবেদিন প্রাণ, তারা কোনো আর্থিক বা নৈতিক সমর্থন ও অনুপ্রেরণাও পায় না। কারণ, গবেষণা করার জন্য যে অল্প কয়টা টাকা বরাদ্দ দেওয়া হয়, তা নির্ভর করে রাজনৈতিক সংশ্লিষ্টতা, আঞ্চলিকতা ও চাটুকারিতার উপর।
কয়েকদিন আগেই পরিকল্পনা মন্ত্রী দাবি করেছেন, গবেষণার টাকা নিয়ে গবেষকরা গবেষণা করেননি। প্রশ্ন আসে, টাকা সত্যি ‘গবেষক’দের দিয়েছিলেন তো? দিয়ে থাকলে তাদের নাম প্রকাশ করুন, জবাবদিহিতা চান, শাস্তি দেন!
অন্যদিকে, শিক্ষকদের পদোন্নতিতে তাদের গবেষণা কর্ম নয়, বরং রাজনৈতিক কর্ম ও চাটুকারিতাই বেশি প্রাধান্য পায়। দলীয়করণ শুধু সরকারি দপ্তরগুলোকে নয়, বিশ্ববিদ্যালয়গুলোকেও কলুষিত করে। সরকার সমর্থিত ভিসি হলেও তার লাঠিয়াল বাহিনী থাকে। কারণ, তিনি নিজেও অসুস্থ প্রতিযোগিতা ও তৈলমর্দনের মাধ্যমে ভিসি হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন।
সাধারণ শিক্ষক কিংবা শিক্ষার্থীদের কোনো সমর্থন কিংবা আস্থা এইসব ভিসিদের প্রতি থাকে না। তাই উনি বিশ্ববিদ্যালয়ের মান টিকিয়ে রাখতে নয়, বরং ব্যস্ত থাকেন চেয়ার টিকিয়ে রাখার রাজনৈতিক সংকল্পে। কথায় আছে, গাছের ডালে পচন ধরলে গাছ বাঁচানো যায়, কিন্তু গোড়ায় পচন ধরলে?
আমেরিকান জার্নাল এক্সপার্ট-এর রিপোর্ট অনুযায়ী, শুধুমাত্র ২০১৬ সালে সারা বিশ্বে দুই মিলিয়ন গবেষণা প্রবন্ধ, রিপোর্ট ও বই প্রকাশিত হয়েছে। সর্বাধিক গবেষণা প্রকাশকারী পাঁচটি দেশের মধ্যে প্রতিবেশী দেশ ভারতও রয়েছে। কিন্তু বাংলাদেশ থেকে মাত্র ৩ হাজার ৫০০টি গবেষণা প্রকাশিত হয়েছে। যেখানে বাংলাদেশে প্রায় ১৫০টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংখ্যা প্রায় ৩ হাজার ৫০০।
আবার যেসব গবেষণা প্রকাশিত হয়, সেগুলো নিম্নমানের ও মৌলিক গবেষণা নয়। সঠিকভাবে মান যাচাই-বাছাই করা হয় না বলে মাঝে মাঝে চৌর্যবৃত্তি হয়। সেক্ষেত্রে গবেষকদের চেয়ে সম্পাদকদের দায় বেশি। কারণ, অধিকাংশ সময় জার্নালগুলোর সম্পাদক সংশ্লিষ্ট অনুষদের ডিনরা থাকেন এবং বিশ্ববিদ্যালয়ে ডিন নির্বাচনের পূর্বে প্রকাশিত জার্নালগুলোর ভলিয়ম অন্য সময়ের চেয়ে দ্বিগুণ মোটা হয়। ভোটের জন্য মান যাচাই না করেই নিম্নমানের গবেষণা প্রকাশিত হয়, যার প্রমাণ আমরা গত কয়েকদিন আগে সংবাদ মাধ্যমে দেখেছি।
উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়গুলোর দর্শন হলো জ্ঞান উৎপাদন ও জ্ঞানান্বেষণ করা। এখন ভাবনার বিষয় আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কি আদৌ বিশ্ববিদ্যালয়? ছোট্ট একটি দেশে নামসর্বস্ব সনদপ্রদানকারী এতগুলো বিশ্ববিদ্যালয়ের দরকার আছে কি?
অন্যদিকে, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নীল-সাদা রঙয়ের রাজনীতি, মসনদ জয়ের লোভ ও জ্ঞানান্বেষণে নির্লিপ্ততা সামাজিক ও সাংস্কৃতিকভাবে জ্ঞানচর্চা এবং গবেষণার স্পৃহাকে সাধারণের মাঝে প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। ফলে শিক্ষকদের মতো ক্ষমতার মোহে শিক্ষার্থীরাও লেজুরবৃত্তিক রাজনীতির সাথে জড়িত হয়ে সরকারি দলের লাঠিয়াল কিংবা দালাল হওয়ার স্বপ্নে বিভোর।
অন্যদিকে বিশ্ববিদ্যালয় কিংবা গবেষণায় বঞ্চিত হয়ে মেধাবীরা গবেষণা ও শিক্ষকতা ছেড়ে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হিসেবে যোগদানে বদ্ধ পরিকর। কারণ সামাজিকভাবেও একজন গবেষক ও জ্ঞান পিপাসু শিক্ষকের চেয়ে রাজনৈতিক নেতা কিংবা বিসিএস কর্মকর্তা, যেমন- পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তার মূল্যায়ন অনেক বেশি।
শিক্ষকদের এই দুর্দশা হলে শিক্ষার্থী বা তরুণরা কাদের থেকে জ্ঞানচর্চার অনুপ্রেরণা পাবে? দিনমজুর বাবার সন্তান হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সৌভাগ্য হয়েছিল। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী স্যারের মতো শিক্ষকদের দেখে গবেষক ও শিক্ষক হওয়ার অনুপ্রেরণা পেয়েছিলাম। তাই হয়তো নিরাশ হতে হয়নি। কিন্তু নিজ মাতৃভূমি ও বিশ্ববিদ্যালয়ের এমন দুর্দশা ভীষণভাবে পীড়া দেয়।
এতগুলো বিশ্ববিদ্যালয়ে আমরা কি একজন করে সিরাজুল ইসলাম চৌধুরী কিংবা জাফর ইকবাল স্যার পেতে পারি না, যারা আমাদের তরুণদের স্বপ্ন দেখাবে মাহমুদার মত নাসার বর্ষসেরা উদ্ভাবক হতে?
লেখক: প্রবাসী বাংলাদেশি, এরাসমাস মুন্ডুস স্কলার, শেফিল্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
