২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ট্রিয়ল বায়োস্কোপের উদ্বোধনীতে তথ্যছবি ‘ঝলমলিয়া’ প্রদর্শিত

সেদিন ৫ই নভেম্বর রোববার, ঘড়ির কাঁটায় সময় এক ঘন্টা পিছিয়েছে। দিনভর বৃষ্টি। মন্ট্রিয়লের তীব্র শীত কনকন করে গায়ে লাগছে। তার উপর সেদিন মন্ট্রিয়লে মিউনিসিপ্যাল নির্বাচন দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সদেরা সুজন, কানাডার মন্ট্রিয়ল থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2017, 09:34 PM

Updated : 11 Oct 2022, 02:43 PM

মন্ট্রিয়ল বায়োস্কোপের আয়োজকদের দুশ্চিন্তা বাড়ছিলো বৃষ্টির সাথে পাল্লা দিয়ে। কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের জন মলসন বিজনেস স্কুল অডিটরিয়ামে প্রবেশ করতেই অন্যরকম আবহে মন ভালো হয়ে গেল। চমৎকার এই মিলনায়তনটি প্রায় পরিপূর্ণ।

কে যেন ছিমছাম একটা ফ্লায়ার হাতে ধরিয়ে দিলো, বেশ গোছানো ঝকঝকে। বাংলা, ইংরেজি ও ফরাসি ভাষায় সব বিবরণ।

মন্ট্রিয়ল শহরে ফিল্ম সোসাইটি বা চলচ্চিত্র সংসদ মন্ট্রিয়ল বায়োস্কোপের উদ্বোধন ছিলো ওইদিন। সে উপলক্ষ্যে চলচ্চিত্রকার সাইফুল ওয়াদুদ হেলাল ও তার দলবলসহ তথ্যছবি ‘ঝলমলিয়া’ নিয়ে রাজধানী অটোয়া থেকে এসেছেন।

ঘড়ির কাঁটায় ঠিক সাড়ে ৫টায় আয়োজকরা দাঁড়িয়ে গেলেন মঞ্চে। এই বিষয়টা উল্লেখ না করলেই নয় যে প্রবাসে আমাদের সব অনুষ্ঠানই বিলম্বে শুরু হয়। মন্ট্রিয়ল বায়োস্কোপ ঠিক সময়ে অনুষ্ঠান শুরু করে আমাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করলেন।

আয়োজকদের পক্ষ থেকে আবু হোসেন জয় সবাইকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শুরু করলেন। কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রীনিবাস শুভেচ্ছা জানালেন। দক্ষিণ ভারতীয় শ্রীনিবাস কয়েক লাইন বাংলা বলে সবার মন জোগালেন।

তারপর বাংলাদেশ গ্রাজুয়েট স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রাক্তন সভাপতি রাফি মোহাম্মদ আজাদ ও বর্তমান সভাপতি রিজওয়ানুল হক আলভিন শুভেচ্ছা জানালেন।

বায়োস্কোপের পক্ষ থেকে অপরাহ্ণ সুসমিতো চলচ্চিত্রকার সাইফুল ওয়াদুদ হেলালকে ডেকে নিলেন মঞ্চে। প্রামাণ্য চলচ্চিত্র ঝলমলিয়া নিয়ে ছোট্ট ও সারগর্ভ বক্তব্যের পরই শুরু হলো বড় পর্দায় ঝলমলিয়ার প্রদর্শনী।

৫৪ মিনিট দৈর্ঘ্যের ডকু ফিল্ম এই ঝলমলিয়া। বৃষ্টিভেজা বিকেলে বিপুল সংখ্যক প্রবাসী ঝলমলিয়া ডকুমেন্টারিটির ভূয়সী প্রশংসা করেছেন।

ঝলমলিয়া নিয়ে লিখেছিলেন, দেশের খ্যাতিমান চলচ্চিত্র গবেষক ও লেখক চলচ্চিত্র সংসদ আন্দোলন কর্মী ও সংগঠক মাহমুদুল হোসেন `অথচ ঝলমলিয়া এক প্রামাণ্যগল্প—গল্পই যেন, প্রাচ্য যাদুর রসে ডোবানো উৎকৃষ্ট এক কাহিনি–মদিরতা, যা এলোমেলো করে দেয় প্রামাণ্য সব প্রকল্প; এজেন্ডা, ইস্যু, টার্গেট। কিন্তু এসব সার্থকতা কি সে চায় নি? বলব, সম্ভাব্য আপত্তির মুখে, সে উৎকর্ষ তার অর্জিত হয় নি। ঝলমলিয়া প্রামাণ্যকরণ করে ঠিকই, কিন্তু সেটি ঘটে এক শরণার্থী বোধের, সংবেদের। যে ঠিকানা নেই, যে মাটির শুধু কিংবদন্তি আছে, যে অস্তিত্ত্ব নাগরিক বিচ্ছিন্নতায় ট্র্যাজিক, যেসব মানবিক স্বাদু স্বপ্ন নির্মমভাবে দলিত ঝলমলিয়া তাদের অনুসন্ধান, ক্রমাগত বেহিসাবি বিবেচনা; এক অলৌকিক অমর্ত্যের আকাঙ্ক্ষা।‘

ঝলমলিয়া প্রসঙ্গে ঢাকা বিশ্ব বিদ্যালয়েরশিক্ষক, লেখক শিশির ভট্টাচার্য্যর লেখার একটি অংশে লিখেছেন- “২০১৬ সালে হেলাল শেষবার হুড়কা গ্রামে এসেছিল রাস উৎসবে। ঝলমলিয়া দীঘির পাশেই এক মন্দিরে অনুষ্ঠিত হয় এই উৎসব। নারীপুরুষ রাধা-কৃষ্ণ সেজে ঘুরে ঘুরে নাচে নাম-সংকীর্তন করতে করতে। একটি দৃশ্যে দেখা যায়, রাসপূর্ণিমার সন্ধ্যায় নারীভক্তরা ঝলমলিয়ায় পূণ্যস্নান করছে। লাল শাপলা হাতে সিক্তবসনা এক নারী যখন ঝলমলিয়ার ডুব দিয়ে উঠতে থাকে তখন ক্যামেরা তার মুখের উপর স্থির হয়। আমরা অবাক হয়ে দেখি, মুখটি সাফিয়ার। ব্যাকগ্রাউন্ডের আকাশে তখন জ্বলজ্বল করছে রাসপূর্ণিমার চাঁদ।”

কন্ঠ শিল্পী কবি মণিকা মুনার কলমে- “আমি গ্রামে বড় হয়েছি এমন বাংলাদেশ দেখেই এবং সাম্প্রতিক বছরগুলোতে ক্রমাগত বিভ্রান্ত হয়েছি সেই সরল, অসাম্প্রদায়িক বাংলাদেশের অস্তিত্ব বিলোপের প্রচারণায়। পরিচালক সাইফুল ওয়াদুদ হেলালকে আমায় ধন্যবাদ জানাতেই হবে আমার স্মৃতির বাংলাদেশ যে বিলুপ্ত হয়নি সেই বিশ্বাস তাঁর ডকুমেন্টারি ফিল্ম 'ঝলমলিয়ার' মাধ্যমে ফিরিয়ে দেবার জন্যে।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!