সিডনিতে বিউটি পার্লার উদ্বোধনে অনন্ত জলিল
অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মালিকানাধীন একটি বিউটি পার্লার ও আবাসন সংস্থার শাখা উদ্বোধন করেছেন চলচ্চিত্র অভিনেতা এম এ জলিল অনন্ত।
স্থানীয় সময় রোববার দুপুরে সিডনির রকডেলে ‘ব্লাস অ্যান্ড বিউটি পার্লার’ ও ‘সেঞ্চুরি ২১’ গ্লেনফিল্ড শাখার উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে অনন্ত জলিল বলেন, “প্রবাসে আবাসন সমস্যা ও কর্মব্যস্ততার পাশাপাশি প্রবাসীদের মধ্যে রূপ সচেতনতা বাড়ছে। আমি ব্লাস অ্যান্ড বিউটি পার্লার ও সেঞ্চুরি ২১ গ্লেনফিল্ড শাখার সাফল্য কামনা করছি।”
‘স্বাধীন কণ্ঠ’ পরিবারের অন্যতম সদস্য শায়লা শারমিন নিপা বলেন, “বর্তমান প্রবাসে পুরুষের পাশাপাশি নারীরাও ব্যস্ত। এ ব্যস্ততার কারণে নিজেদের ত্বকের প্রতি যত্ন নেওয়ার সময়টুকু থাকে না। তাই নিজেকে সুন্দর করে উপস্থাপন করার জন্য তারা পার্লারকে বেছে নেন। এ প্রয়োজনকে মাথায় রেখেই পার্লার ব্যবসা শুরু করেছি।”
‘সেঞ্চুরি ২১’ এর পরিচালক ও বিপণন প্রধান এইচ এম তানভির বলেন, “দুই বছর ধরে আমরা প্রায় ৬০ মিলিয়ন ডলার মূল্যমানের ১০৬টি প্রপার্টি বেচাকেনা বা ভাড়া দেওয়ার কাজ করেছি। এর পাশাপাশি আমরা সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিত করেছি।”
তানিম মান্নানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অর্থহীন ব্যান্ডের সুমন, ডিজে রাহাত, ‘স্বাধীন কণ্ঠ’ সম্পাদনা পরিষদের সভাপতি কাজী আরমান, ‘বাংলাদেশ নাইটস’ এর ফয়সাল ফরিদ, ‘সেঞ্চুরি ২১’ প্রতিষ্ঠানটির প্রধান আজিজ হক এবং প্রপার্টি ও বিজনেস ডেভালপমেন্ট ব্যবস্থাপক আলম তপনসহ প্রবাসী বাংলাদেশিরা।
প্রবাসীরা জানান, শনিবার সিডনিতে ‘বাংলাদেশ নাইট’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
