যুক্তরাষ্ট্রে ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা
‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে নিউ ইয়র্কে আলোচনা সভা করেছে যুক্তরাষ্ট্র বিএনপি।
স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে একটি পার্টি সেন্টারের এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা শরাফত হোসেন বাবু ও পরিচালনা করেন জসীম ভূইয়া।
সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক কণ্ঠশিল্পী বেবী নাজনীন।
বেবী নাজনীন খালেদা জিয়াকে গণতন্ত্রের কাণ্ডারি হিসেবে অভিহিত করে বলেন, “শহীদ জিয়ার যোগ্য উত্তরসূরি হিসেবে আগের মত এবারও সমগ্র জাতিকে জেগে উঠার সময় হয়েছে। গোটা জাতিকে বর্তমান স্বৈরাচারি শাসন থেলে পরিত্রাণ দিতে প্রবাসীদেরকেও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে সমাগম এবারের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।”
প্রধান বক্তা যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন বাদল বলেন, “গুম-খুন আর মামলা-হামলার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানটি আজ চুরমার হয়ে পড়েছে। পঁচাত্তরে একদলীয় স্বৈরশাসন ‘বাকশাল’ কায়েমের পর গোটা জাতি ৭ নভেম্বর বিপ্লব সংঘটিত করেছে, এবারও নভেম্বরও সে আহ্বান জানাচ্ছে।”
বাদল বলেন, “বেগম খালেদা জিয়াকে নির্বাচনে অযোগ্য করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বর্তমান সরকার। কিন্তু প্রবাসীরা তা কখনোই হতে দেবে না। সকল ষড়যন্ত্রের বিষবাষ্প ভেঙ্গে দিতে হবে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে।”
অনুষ্ঠানে ৭ নভেম্বরের প্রেক্ষাপট-আলোকে আরও বক্তব্য দেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান ও সেক্রেটারি সাঈদুর রহমান, তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির মহাসচিব জসীমউদ্দিন, যুক্তরাষ্ট্র জাসাসের সেক্রেটারি রুহুল আমিন নাসির, নিউ ইয়র্ক সিটি বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা ও সেক্রেটারি আশরাফ হোসেন।
এছাড়া আরও বক্তব্য দেন আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি শাহাদৎ হোসেন রাজু ও সেক্রেটারি মনির হোসেন, যুক্তরাষ্ট্র যুবদলের সাংগঠনিক সম্পাদক শামীম মাহমুদ, নোয়াখালী বিএনপির নেতা হুমায়ূন কবীর, আবু সালেহ মানিক, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা আবুল কাশেম, তারেক পরিষদের নেতা মিজানুর রহমান, আনিসুর রহমান, আলাউদ্দিন ব্যাপারি, রইসউদ্দিন, হাসান মাহমুদ ও শওকত আলী।
যুক্তরাষ্ট্র বিএনপির আট নেতার বিরুদ্ধে নিউ ইয়র্ক সুপ্রিম কোর্টে দায়েরকৃত মামলার উদ্ধৃতি দিয়ে শরাফত হোসেন বাবু বলেন, “আমরা শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের ছবি এবং বিএনপির লোগো যাতে ব্যবহার করতে না পারি, সে আবেদন জানানো হয়েছে। হাস্যকর এমন ঘটনা বিশ্বে আর কোথাও ঘটেনি। এভাবেই ক্ষমতাসীনদের এজেন্ট হিসেবে একটি মহল আমাদের এই প্রবাসেও স্তব্ধ করে দিতে চাচ্ছে।”
এ সময় মাওলানা আবুল কালাম আযাদের নেতৃত্বে ৭ নভেম্বরে নিহতদের স্মরণে দোয়া করা হয়। একইসাথে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সদ্য প্রয়াত বিএনপি নেতা ও সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস এবং বিএনপি নেতা এম কে আনোয়ারের জন্যেও বিশেষ মোনাজাত করা হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
