দুবাইয়ে ‘ঢাকা অ্যাটাক’ দলকে সংবর্ধনা
বাংলাদেশের ছায়াছবি ‘ঢাকা অ্যাটাক’ এর অভিনেতা-অভিনেত্রী ও কুলাকুশলীদের সংবর্ধনা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিরা।
শনিবার স্থানীয় সময় রাতে দুবাইয়ের মভেনপিক হোটেলে এ সংবর্ধনা দেওয়া হয়।
এতে ছবিটির পরিচালক দীপংকর দীপন, কাহিনীকার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সানি সানোয়ার, নায়ক আরেফিন শুভ ও নায়িকা মাহিয়া মাহি উপস্থিত ছিলেন।
‘স্বপ্ন স্কেয়ারক্রো’র মধ্যপ্রাচ্য সমন্বয়কারী আহমদ ইখতিয়ার আলম পাভেল অনুষ্ঠান সঞ্চালনায় বলেন, “২০১৬ সাল থেকে স্বপ্ন স্কেয়ারক্রো দেশের বাইরে আটটি ছবি মুক্তি দেয়। আয়নাবাজিতে সাফল্যের পর মধ্যপ্রাচ্যের দিকে নজর দেয় স্বপ্ন। ঢাকা অ্যাটাক-এ অভাবনীয় সাফল্য আমাদেরকে আস্থাশীল করেছে যে বাংলা ছবির একটা ভালো বাজার এখানে পাওয়া যাবে।”
তিনি বলেন, “আমরা হাতের কাছের দারোগা পুলিশকে চিনি। কিন্তু যে বিশেষ পুলিশ ফোর্স আমাদের আছে তাদের কাজের কথা আমরা কম জানি। তারা যে হাজার হাজার জঙ্গি, নাশকতা সৃষ্টিকারীর চেইন ব্রেকডাউন করছেন, আপনাকে নিরাপদ রাখতে গিয়ে জীবনের ঝুঁকি নিচ্ছেন, দেশের জন্য কাজ করতে গিয়ে নিজের আরাম-আয়েশ বিসর্জন দিচ্ছেন, তাদের কথা আমরা জানি না। এ ছবি তাদের কথা বলে।”
তিনি আরও বলেন, “আমরা টেকনিক্যালি ভাল না, আমাদের ভাল রাইটার নেই, ভাল ডাইরেক্টার নেই, ভাল মিউজিক ডাইরেক্টার নেই, কিন্তু সেক্রিফাইস আছে। আমি স্বপ্ন দেখি একদিন বলিউডের মত দুবাই, নিউ ইয়র্কে আমাদের ছবির প্রিমিয়ার শো হবে।”
অনুষ্ঠানে দুবাইতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল এস বদিরুজ্জামান বলেন, “আরব আমিরাতের মতো দেশে আমাদের কালচারাল পেনিট্রেশান প্রশংসার দাবিদার।”
আরও বক্তব্য দেন- সংবর্ধনা সভার মূখ্য পৃষ্ঠপোষক গুলশান আরা, কামাল হোসেন ও কামরুল হাসান।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
