২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৭২-এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠা চায় ‘বাংলাদেশ মাইনোরিটি ওয়াচ’

সাম্প্রদায়িক ও অগণতান্ত্রিক চর্চা বন্ধ এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের মানুষের নিরাপত্তায় বাহাত্তরের সংবিধানের পুনঃপ্রতিষ্ঠা দাবি করেছে ‘বাংলাদেশ মাইনোরিটি ওয়াচ’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2017, 03:32 PM

Updated : 11 Oct 2022, 02:42 PM

স্থানীয় সময় শনিবার রাতে নিউ ইয়র্কের জ্যামাইকায় ‘ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট পার্টিশান ডকুমেন্টেশন প্রজেক্ট’ সংস্থার এক মতবিনিময় সভায় এ দাবি জানান ‘বাংলাদেশ মাইনোরিটি ওয়াচ’ এর সভাপতি রবীন্দ্র ঘোষ।

তিনি বলেন, “আমরা কোন রাজনীতি করি না কিংবা ক্ষমতাসীন সরকারকে হেয় করতেও আসিনি। আমরা বাহাত্তরের সংবিধানের পুনঃপ্রতিষ্ঠা চাই ও ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তায় সরকারের আন্তরিকতার প্রমাণ দেখতে চাই।

“আওয়ামী লীগকে বাংলাদেশের সংখ্যালঘুরা অত্যন্ত আপন ভাবেন, নির্বাচনেও তার প্রভাব দেখেন সবাই। কিন্তু গত আট-নয় বছরের কর্মকাণ্ডে সংখ্যালঘুরা হতাশ। নিরাপত্তাহীনতায় অনেকেই বসতবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।”

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে সংখ্যালঘুদের নিরাপত্তায় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানালে কোন সাড়া পাননি অভিযোগ করেন রবীন্দ্র ঘোষ বলেন, “এ ব্যাপারে বাংলাদেশ সরকারের আন্তরিকতার যথেষ্ট অভাব রয়েছে। তাই আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের পরিস্থিতি উপস্থাপন করেছি।”

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার প্রতিষ্ঠাতা ও নিউ ইয়র্ক স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সব্যসাচি দস্তিদার, সভা সঞ্চালনা করেন ‘বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ’ এর আন্তর্জাতিক সমন্বয়কারি শিতাংশু গুহ।

আরও উপস্থিত ছিলেন ঐক্য পরিষদের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি অধ্যাপক নবেন্দু বিকাশ দত্ত ও প্রদীপ মালাকার।

এদিকে রবীন্দ্র ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করতে একটি মার্কিন প্রতিনিধি দল ঢাকায় যাবে।”

তবে কবে নাগাদ মার্কিন প্রতিনিধি দলটি বাংলাদেশে যাবে তার নির্দিষ্ট করে জানাতে পারেননি তিনি।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!