সৌদি আরবে বিশ্বসেরা তিন বাংলাদেশি ছাত্রী
সৌদি আরবে ‘ইন্টারন্যাশনাল জেনারেল সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন’ (আইজিসিএসই) পরীক্ষায় বিশ্বসেরা হয়েছেন বাংলাদেশের তিন ছাত্রী।
তারা হলেন- নাবিহা হোসেন, নুসাইবা আমিনস ও জারিন তাসমিন।
স্থানীয় সময় বুধবার সকালে এক সমাবেশে তিন শিক্ষার্থীকে বিআইএসইএস এর পরিচালনা পর্ষদের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবুল বাশার মো. নূরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন বিআইএসইএস অধ্যক্ষ মো. বজলুর রশিদ, ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. মাহবুবুর রহমান ও প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা।
আইজিসিএসই পরীক্ষায় ২০১৭ শিক্ষাবর্ষে গণিতে প্রথম হয়ে বিশ্বসেরা হয়েছেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ইংরেজি শাখার (বিআইএসইএস) একাদশ শ্রেণির ছাত্রী নাবিহা হোসেন।
বিআইএসইএস এর একাদশ শ্রেণির আরেক শিক্ষার্থী নুসাইবা আমিনও গণিতে বিশ্বসেরা হয়েছেন।
এছাড়া মধ্যপ্রাচ্যের আন্তর্জাতিক জিসিএসই অ্যাডেক্সেল শিক্ষাক্রম পরীক্ষায় বাংলায় সর্বোচ্চ নম্বর পেয়েছেন একই শিক্ষা প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্রী জারিন তাসমিন।
এবছর ২০১৭ মে-জুন সেশনে সৌদি আরবের রিয়াদ থেকে আইজিসিএসই পরীক্ষায় অংশ নেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ৬০ ছাত্র ও জেদ্দার ৪০ জন ছাত্রীসহ মোট ১০০ জন শিক্ষার্থী।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
