যুক্তরাষ্ট্রে জেলহত্যাকাণ্ডে মদদদাতাদের বিচার দাবি
জেলহত্যাকাণ্ডে মদদদাতাদের বিচারের দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে একটি পার্টি হলে জেলহত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।
সেইসঙ্গে বঙ্গবন্ধুর খুনী হিসেবে মৃত্যুদণ্ড প্রাপ্তদের মধ্যে যারা এখনও যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশে পালিয়ে আছে, তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আদালতের রায় কার্যকর করার দাবিও জানানো হয় আলোচনা সভায়।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় শুরুতেই বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মরণে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয় আতাউল হক গণির নেতৃত্বে।
সিদ্দিকুর রহমান বলেন, “আদালতে দোষী সাব্যস্তদের কেউ কেউ কানাডা ও যুক্তরাষ্ট্রে আত্মগোপন করে রয়েছে। এদেরকে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠিয়ে দিতে প্রত্যেক প্রবাসীকে সহায়তা করতে হবে।”
নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী বলেন, “বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর একই মহল জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যার মধ্য দিয়ে বাংলার বুক থেকে বঙ্গবন্ধুর আদর্শ তথা মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলার ষড়যন্ত্র করেছিল। কিন্তু একাত্তরের পরাজিত শত্রুদের সে মতলব ফলপ্রসূ হতে পারেনি।”
যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মো.আব্দুল কাদের মিয়া বলেন, “ষড়যন্ত্রকারিরা এই প্রবাসেও সক্রিয় রয়েছে। তাই মুজিব আদর্শের প্রতিটি সৈনিকে চোখ-কান খোলা রাখতে হবে। সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
এছাড়া আরও বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোর্শেদা জামান, আইন বিষয়ক সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক মো.আব্দুল কাদের মিয়া, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, উপ-প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, নির্বাহী সদস্য খোরশেদ খন্দকার ও সেক্টর কমান্ডার্স ফোরামের সাধারণ সম্পাদক রেজাউল বারি।
অনুষ্ঠানে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য মিসবাহ আহমেদ, ফরিদ আলম, জাহাঙ্গির হোসেন, এম এ মালেক, মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ শাহনাজ, আ.লীগ নেতা শামসুল আবদিন, শেখ আতিকুল হক, খসরুজ্জামান খসরু, মুজিবুল মাওলা ও যুবলীগ নেতা নান্টু মিয়া।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
