কানাডা উদীচীর দ্বিতীয় লোক উৎসব
বাঙালির লোক সংস্কৃতিকে প্রবাসী ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ‘বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী’ কানাডা শাখার আয়োজনে আগামী ১১ নভেম্বর লোক উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক অখিল সাহা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওইদিন স্থানীয় সময় বিকেল চারটায় ‘বাংলাদেশ কানাডা হিন্দু কালচারাল সোসাইটি’র মিলনায়তনে দিনব্যাপী এ উৎসব শুরু হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্বোধনী পর্বের পর শুরু হবে লোকগীতির দু’টি পরিবেশনা। একটি লোক সংস্কৃতির উপাদান নিয়ে তৈরি লোকগীতি আলেখ্য ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’, আরেকটি হলো নৃত্য নির্দেশক তাপস দেবের পরিচালনায় লোক গীতি নৃত্যনাট্য ‘ভেলুয়া সুন্দরী’।
এছাড়া অনুষ্ঠানে থাকছে উদীচীর নিজস্ব শিল্পী ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় জারি, সারি, পুঁথিপাঠ, লালন, ভাটিয়ালী ও হাসন রাজার গান।
মেলায় বাংলাদেশি দোকানিদের অংশগ্রহণে থাকবে রকমারি কেনাবেচা ও খাবারের দোকান। ১৫ বছরের বেশি বয়সী দর্শনার্থীদের জন্য টিকেট মূল্য থাকবে ৫ ডলার।
উৎসব সংক্রান্ত যে কোন বিষয় জানতে ও জানাতে কানাডা উদীচীর সভাপতি আজফার ফেরদৌস ফোন-৪১৬ ৮৭৮ ০৩১৬ ও সাধারণ সম্পাদক সৌমেন সাহা ফোন- ৬৪৭ ৮০৮ ০৬৪৩ এর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
