পিডিআই কানাডার আলোচনা সভায় দ্বিজেন শর্মাকে স্মরণ
সদ্য প্রয়াত লেখক দ্বিজেন শর্মার দেশপ্রেম ও প্রকৃতি ভাবনা চর্চার মাধ্যমে দেশ, জাতি ও সাধারণ মানুষের জন্য প্রগতিশীল রাজনৈতিক আন্দোলন শক্তিশালী করে তোলার আহ্বান জানিয়েছে কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
শনিবার সন্ধ্যায় টরন্টোর বাঙালিপাড়ার কেন্দ্রস্থল ড্যানফোর্থ এলাকার মিজান অডিটরিয়াম কমপ্লেক্সে লেখক দ্বিজেন শর্মা স্মরণে এক আলোচনা সভায় ওই আহ্বান করা হয়।
প্রগতিশীল গণতন্ত্রিক উদ্যোগ (পিডিআই) নামে প্রবাসী বাংলাদেশিদের একটি সংগঠন আলোচনা সভাটির আয়োজন করে ।
আলোচনা সভার বিষয় ছিলো- ‘বৃক্ষের মত আনত হও মানুষ: দ্বিজেন শর্মার প্রকৃতি ও পরিবেশ ভাবনা।’
এতে সভাপতিত্ব করেন পিডিআই, কানাডার যুগ্ম আহ্বায়ক বিদ্যুৎরঞ্জন দে এবং সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন পিডিআই সংগঠক সোলায়মান তালুত রবীন।
দ্বিজেন শর্মার ব্যক্তিগত বন্ধু এবং শিল্পী পার্থসারথী শিকদার প্রয়াত লেখকের পছন্দের রবীন্দ্রসঙ্গীত গেয়ে অনুষ্ঠানের সূচনা করেন।
পিডিআই সংগঠক খন্দকার টিটো দ্বিজেন শর্মাকে নিয়ে ”প্রকৃতিপুত্র দ্বিজেন শর্মা” শিরোনামে তার ব্যক্তিজীবন, দর্শন, প্রকৃতি ও দেশপ্রেম নিয়ে একটি ডকুমেন্টারি পরিবেশন করেন।
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক এবং অনুবাদক ও গবেষক ফারহানা আজিম শিউলী দ্বিজেন শর্মার স্ত্রী দেবী শর্মার পাঠানো একটি চিঠি পাঠ করেন।
শারীরিক অসুস্থতার জন্য তিনি অনুষ্ঠানে যোগদানে অসমর্থ হন।
পিডিআইয়ের আরেক সংগঠক স্বপন বিশ্বাস তার ‘বৃত্তের বাইরে’ শিরোনামের প্রবন্ধটি লেখার সুবাদে দ্বিজেন শর্মার সাথে যে সম্পর্ক গড়ে উঠেছিল সে স্মৃতিচারণ করেন।
তিনি লেখকের সম্মানার্থে প্রকৃতি ও বিজ্ঞান বিষয়ক লেখাকে আমাদের সাহিত্য-সংস্কৃতির মৌলিক লেখা হিসাবে বিবেচনার আহ্বান জানান।
যুক্তরাষ্ট্র থেকে শুধু এ আলোচনা সভার জন্যই টরন্টো এসেছিলেন জ্যোর্তিবিদ ও বিজ্ঞান লেখক দীপেন ভট্টাচার্য্য।
দীপেন ভট্টাচার্য্য তার আলোচনায় ‘বঙ্গীয় বদ্বীপের অতীত ও ভবিষ্যত’ বিষয়ক একটি গবেষণার তথ্য উল্লেখ করে বাংলাদেশের ভবিষ্যত নিয়ে শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করেন এবং দেশে পরিবেশবাদী আন্দোলন গড়ে তোলার ও জোরদার করার উপর গুরুত্বারোপ করেন।
এরপর লেখক দ্বিজেন শর্মার আরেক ঘনিষ্ঠ বন্ধু কমিউনিস্ট পার্টির সাবেক নেতা গোপেশ মালাকার প্রয়াত লেখকের জীবনের অসংখ্য ঘটনা তুলে ধরে বলেন, “ দেশের মাটি ও মানুষের জন্য এই মহান মানুষটিকে হারানো যে আমাদের জাতির জন্য এক অপূরণীয় বিশাল ক্ষতি।
“তার জীবনবোধ চর্চার মাধ্যমে আমাদের জাতির ভবিষ্যত গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠান শেষে সভাপতি সকলকে প্রকৃতিপ্রেমী সজ্জন মানবদরদী দ্বিজেন শর্মার প্রকৃতি প্রেম ও স্বদেশ ভাবনা চর্চার মাধ্যমে সমাজে প্রগতিমুখী আন্দোলনকে এগিয়ে নেবার আহ্বান জানান।
তিনি অনুষ্ঠানে যোগ দেওয়ায় সবাইকে ধন্যবাদ দিয়ে সমাপ্তি ঘোষণা করেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
