বঙ্গবন্ধুর ভাষণের স্বীকৃতি: সর্ব ইউরোপিয়ান আ.লীগের কৃতজ্ঞতা প্রকাশ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতিতে ইউনেস্কোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের নেতারা।
সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি অনিল দাশ গুপ্ত, সাধারণ সম্পাদক এম.এ গনি, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ বড়ুয়া ইউনেস্কোর এ স্বীকৃতিকে বাঙালি জাতির আরেকটি মাইলফলক হিসেবে মনে করছেন।
একাত্তরের ৭ মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ভাষণ ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে ইউনেস্কোর ‘মেমোরি অফ দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ যুক্ত হয়েছে বলে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।
ইউনেস্কো মহাপরিচালক ইরিনা বোকোভা গত ৩০ অক্টোবর সোমবার প্যারিসে জাতিসংঘ সংস্থার কার্যালয়ে এ সিদ্ধান্তের কথা জানান।
এ বিষয়ে অনিল দাশ গুপ্ত বলেন, “লেখক ও ইতিহাসবিদ জ্যাকব এফ. ফিল্ডের আড়াই হাজার বছরের গণজাগরণ ও উদ্দীপনামূলক বিশ্বসেরা ভাষণ নিয়ে লেখা ‘উই শ্যাল ফাইট অন দ্যা বিচেস: দ্যা স্পিচেস দ্যাট ইন্সপায়ার্ড হিস্ট্রি’ গ্রন্থে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ স্থান পেয়েছে। বিশ্বের ১২টি ভাষায় অনুদিত হয়েছে বঙ্গবন্ধুর ভাষণ। ইউনেস্কোর বিশ্ব আন্তর্জাতিক রেজিস্টার স্মারকে অন্তর্ভুক্তি এরই ধারাবাহিকতায় আরেকটি মাইলফলক।”
সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, “১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার পর সামরিক শাসকেরা এবং পরবর্তীকালে বিএনপি-জামাত জোট জাতির পিতার এই ভাষণকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। সরকারি গণমাধ্যমে নিষিদ্ধ ছিল এর প্রচার। কিন্তু সাধারণ মানুষের হৃদয় থেকে কোনোদিনই মুছে যায়নি এই ভাষণ।”
সংগঠনটির সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ বড়ুয়া বলেন, “বাঙালির বীরত্বপূর্ণ সংগ্রাম ও সশস্ত্র মুক্তিযুদ্ধে জাতির পিতার এই ভাষণের দিক-নির্দেশনাই ছিল সে সময়ের বজ্রকঠিন জাতীয় ঐক্যের মূলমন্ত্র। প্রতিনিয়ত এ ভাষণ তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করছে এবং অনাদিকাল ধরে অনুপ্রাণিত করে যেতে থাকবে।”
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
