ফ্রান্সে বাংলা ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫০ বর্ষে পদার্পণ উপলক্ষে ফ্রান্সে ‘বাংলা ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্র’ উদ্বোধন করা হয়েছে।
স্থানীয় সময় রোববার বিকালে উদীচী ফ্রান্স সংসদের উদ্যোগে এ কেন্দ্রটি উদ্বোধন করা হয়।
উদীচী ফ্রান্স সংসদের সাধারণ সম্পাদক আহাম্মেদ আলী দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উদীচী ফ্রান্স সংসদের সভাপতি কিরন্ময় মণ্ডল।
ফ্রান্সে বেড়ে উঠা পরবর্তী প্রজন্মকে বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে এই কেন্দ্র তার কার্যক্রম শুরু করতে যাচ্ছে বলে জানিয়েছে সংগঠনটি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞানী ও গবেষক অনাদি ভট্টাচার্য্য, ইনালকো বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ফিলিপ বেনুয়া, চলচ্চিত্র নির্মাতা আমিরুল আরহাম, ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের বাণিজ্য কাউন্সিলর ফিরোজ উদ্দীন, শিক্ষক হাসনাত জাহান ও লা মেজ দো লা ছাজেছ থেকে আগত মারি থেরেজ।
চলচ্চিত্র নির্মাতা আমিরুল আরহাম বলেন, “এটা অত্যন্ত আনন্দের সংবাদ যে এরকম একটা প্রতিষ্ঠান এখানে গড়ে উঠছে। এখন এটা একটা বিশাল চ্যালেঞ্জ, আমাদের সন্তানরা যারা এখানে বড় হচ্ছে তাদের বাঙালি সাহিত্য, সংস্কৃতি, ভাষা সুষ্ঠভাবে জানানো। উদীচী ফ্রান্স সংসদকে ধন্যবাদ।”
অধ্যাপক ফিলিপ বেনুয়া বলেন, “আপনারা অনেকদিন ধরে লড়াই করছেন বাংলা ভাষা ও সংস্কৃতিকে রক্ষা করার জন্য। আজকের সমাজে ভাষা ও সংস্কৃতির জন্য লড়াই করার অর্থ হচ্ছে তার নিজস্ব অস্তিত্বের জন্য কাজ করা।”
বিজ্ঞানী অনাদি ভট্টাচার্য্য বলেন, “আমি খুবই আনন্দিত যে উদীচী এমন একটা কেন্দ্র প্রতিষ্ঠা করেছে। এই ভাষা কেন্দ্রের যদি কোনো প্রয়োজন হয়, আমি সর্বাত্মক সহযোগিতা করবো।”
বাংলাদেশ দূতাবাসের কমার্স কাউন্সিলর ফিরোজ উদ্দিন বলেন, “বাঙালি ও বাংলা সংস্কৃতির প্রধান শেকড় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। এই সংগঠনের সাথে একাত্ম হওয়া সকল বাঙালিরই উচিৎ।”
উদীচী ফ্রান্স সংসদ তাদের বাংলা ভাষা সাংস্কৃতিক কেন্দ্রের মাধ্যমে বাংলা সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেবে- এমন প্রত্যাশার কথা জানান তিনি।
সভাপতি কিরন্ময় মণ্ডল তার আলোচনার শুরুতে প্রয়াত প্যারিস প্রবাসী চিত্রশিল্পী কাজী ইসমাইল মুহিত (জ্যোতি) স্মরণে শোক প্রকাশ করেন। ফ্রান্স উদীচীর প্রতিষ্ঠাকালীন সময়ে মুহিতের অবদানের কথা স্মরণ করেন। এ সময় যশোরে ও নেত্রকোনায় জঙ্গি হামলায় নিহত উদীচীর শিল্পীকর্মীদের স্মরণ করেন তিনি।
সভাপতি তার বক্তব্যে মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতন, সিরিয়ায় অমানবিক নির্যাতনে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বাংলা ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্রের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং প্যারিসে বসবাসরত অভিবাবকদের আহ্বান জানান, তাদের সন্তানদের এই কেন্দ্রের সাথে যুক্ত করার জন্য।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উদীচী পরিবারের শিশু-কিশোরসহ উদীচীর শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এ সময় উদীচীর কিশোর শিল্পী অবিতথ, বিলাস, রুদ্র ও মনিষা গণতান্ত্রিক ছাত্র ঐক্যের সন্ত্রাস বিরোধী মিছিল চলাকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত মঈন হোসেন রাজু স্মরণে সন্ত্রাস বিরোধী রাজু স্মারক ভাস্কর্যের প্রতিকৃতি ফুটিয়ে তোলে।
এরপর শিশুশিল্পী রোদশি, অমিত, সীম, আরশি, রশ্মি, রৌদ্র, জয়ীতা, আনুষ্কা, অন্দ্রেয়া, অর্ক ১, অরপা, অর্ক ২, উৎসা, ঋতু, শ্রেয়া, নেহা, সকাল, অবন্তিকা ও নায়েলের পরিবেশনাইয় গান, নাচ ও কবিতা আবৃত্তি পরিবেশিত হয়।
এছাড়া সমবেত কণ্ঠে সঙ্গীত পরিবেশনায় আরও ছিলেন কিরন্ময় মণ্ডল, প্রদীপ বড়ুয়া টিপু, দীপক গোমেজ, সুস্মিতা বড়ুয়া, ছুটি বিশ্বাস, সামসাত জাহান মনিতু, টুইংকেল বিশ্বাস, বৃষ্টি মণ্ডল, এলান খান চৌধুরী, তপন দাস, রাজু আহমেদ ও রূপা আক্তার।
উদীচীর দলীয় সঙ্গীত ‘আরশির সামনে’ গানের সাথে নাচ পরিবেশন করেন নৃত্যশিল্পী সুবর্না তালুকদার ও শরিফুল ইসলাম। যন্ত্রাংশে সহযোগিতা করেন শাপলু বড়ুয়া ও অনুভব চট্টপাধ্যায়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
