কুয়েতে রোহিঙ্গাদের নিয়ে দুই প্রবাসীর গান
নিপীড়নের মুখে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে গান গেয়েছেন কুয়েত প্রবাসী দুই বাংলাদেশি শিল্পী।
শিল্পী তাহের পরবাসী ও রুনা আক্তার কেয়ার ‘রোহিঙ্গারাও মানুষ’ শিরোনামে ৪ মিনিট ২৫ সেকেন্ডের এ গানটি শনিবার ইউটিউবে প্রচার করা হয়।
গানটির কথা লিখেছেন গীতিকার মীর মামুন হোসেন, সুর করেছেন তাহের পরবাসী ও সঙ্গীত পরিচালনায় জি এম রহমান রনি।
মিজানুর রহমানের রেকর্ডিং-এ এর মিউজিক ভিডিও পরিচালনা করেছেন আশরাফ তানজিন।
এতে একটি চরিত্রে আছেন ‘মিউজিশিয়ান অ্যাসোসিয়েশন কুয়েত’ এর মালিক আব্দুর রাজ্জাক ভুঁইয়া।
শিল্পী কেয়ার বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায়। বাবার নাম জামাল উদ্দিন। সপরিবারে কুয়েতে থাকা এ শিল্পী স্থানীয় জিলিপ আল শোয়েখ ইন্ডিয়ান স্কুল অ্যান্ড কলেজে ব্যবসা ব্যবস্থাপনায় পড়াশোনা করছেন।
তিনি বলেন, “বাংলা গানের প্রতি আমার ভালোবাসা ছোটকাল থেকে। প্রথম গানের হাতেখড়ি হয় ওস্তাদ সুমন সরকারের কাছে। এখন আমি ক্লাসিক্যাল শিখছি ওস্তাদ কেকা মুখার্জীর কাছে।”
গানের অপর শিল্পী তাহের পরবাসীর বাড়ি ফেনী জেলায়। ১৯৯১ সালে জীবিকার প্রয়োজনে চলে আসেন কুয়েতে। বর্তমানে তিনি মোটর গ্যারেজ ব্যবসায়ী।
তাহের বলেন, “দূর প্রবাসে শত প্রতিবন্ধকতার মধ্যেও সুন্দর একটি গান উপহার দিতে পেরে আমি গর্বিত। আশা করছি গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।”
কুয়েত প্রবাসীরা জানান, গানের মিউজিক ভিডিও করা হয়েছে কুয়েতের ইরাক সীমান্ত ও আবদালিতে। গানটি কুয়েত প্রবাসীদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।”
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
