২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আলোচনা সভা

যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদে ‘আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)’-এর রিপোর্টের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2017, 11:55 AM

Updated : 12 Apr 2022, 12:38 AM

স্থানীয় সময় সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের চলতি ৭২তম অধিবেশনে এ আলোচনা সভায় অংশ নেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।

আলোচনা সভায় রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, “মিয়ানমারের রাখাইন রাজ্যের সাম্প্রতিক সহিংস ঘটনাকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ‘জাতিগত নির্মূলের প্রকৃষ্ট উদাহরণ’ হিসাবে আখ্যা দিয়েছেন, যার দায় নির্ধারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব রয়েছে।”

রাষ্ট্রদূত মাসুদ আরও বলেন, “মিয়ানমারের নব্য গণতন্ত্রের সুযোগে এর নিরাপত্তা বাহিনীসৃষ্ট চলমান এই সহিংসতা ও জোরপূর্বক বাস্তুচ্যুতকরণের বিষয়গুলো আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম প্রবিধানের গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে।”

‘মিয়ানমারে সংঘটিত নৃশংসতার ঘটনা গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধ হিসাবে বিবেচিত হতে পারে’ মর্মে জাতিসংঘ মহাসচিবের গণহত্যা প্রতিরোধ বিষয়ক বিশেষ উপদেষ্টা আন্ডার সেক্রেটারি জেনারেল অ্যাডামা ডিয়েং-এর সাম্প্রতিক বক্তব্যের বিষয়টিও আলোচনা সভায় তুলে ধরেন রাষ্ট্রদূত মাসুদ।

যুদ্ধাবস্থায় যৌন সহিংসতার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালত গত বছর প্রথমবারের মতো যে রায় দিয়েছিলো, তার উল্লেখ করে রাষ্ট্রদূত মাসুদ বলেন, “১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত ধর্ষণ ও যৌন সহিংসতার প্রকৃত বিচার করার যে অভিজ্ঞতা বাংলাদেশের রয়েছে, তা আইসিসি’র সাথে বিনিময় করতে বাংলাদেশ সদা প্রস্তুত।”

সাধারণ আলোচনার শুরুতেই আইসিসি চেয়ারম্যান সিলভিয়া ফার্নানদেজ দ্য গার্মেনডি গত এক বছরে তাদের কর্মকাণ্ড তুলে ধরেন, যেখানে তিনি সাংস্কৃতিক সম্পত্তি ধ্বংস করার জন্য দেওয়া রায়ের কথা বিশেষভাবে উল্লেখ করেন।

আইসিসি বর্তমানে দশটি কেসের তদন্ত করছে ও চারটি কেসের ক্ষেত্রে ভিকটিম সাপোর্ট ও ক্ষতিপূরণের বিষয় নিয়ে আলোচনা করছে বলে জানান তিনি।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!