যুক্তরাষ্ট্রে যুবদলের রজতজয়ন্তী সমাবেশ
যুবদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও যুক্তরাষ্ট্র যুবদলের রজতজয়ন্তী উপলক্ষে সমাবেশ করেছেন সংগঠনটির যুক্তরাষ্ট্র প্রবাসী নেতা-কর্মীরা।
স্থানীয় সময় রোববার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের খাবার বাড়ি স্কয়ারে এ সমাবেশ উদ্বোধন করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট।
তিনি বলেন, “নিউ ইয়র্ক হচ্ছে বিএনপির ঘাঁটি, বর্ষণমুখর পরিবেশেও বিপুল উপস্থিতির মধ্য দিয়ে তারই বহিঃপ্রকাশ ঘটলো।”
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন।
রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে যাওয়ার পথে ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, “খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে ফেনী থেকে কক্সবাজার পর্যন্ত রাস্তার দু’পাশে লাখো জনতার সমাগম দেখে দিশেহারা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নির্দেশেই গাড়ি বহরে হামলা হয়েছে। ক্ষমতাসীনরা এ দায় কখনোই এড়াতে পারবে না।”
বৃষ্টির মধ্যে সমাবেশে উপস্থিত হওয়ায় নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমেদ।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বিএনপির জ্যেষ্ঠ সহ সভাপতি দেলোয়ার হোসেন, সহ সভাপতি সোলায়মান ভূঁইয়া, সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ও মোস্তফা কামাল পাশা বাবুল, যুগ্ম সম্পাদক কাজী আজম, কামাল সাঈদ মোহন, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবর উদ্দিন, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আবু তাহের, তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের সভাপতি ও স্টেট বিএনপির নেতা পারভেজ সাজ্জাদ, জাতীয়তাবাদী ফোরামের সভাপতি নাসিম আহমেদ, কাইয়ুম, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক নেতা শাহ আলম, এম এ রেজা, হেলালুদ্দিন এবং আহবাব হোসেন চৌধুরী খোকন।
দেলোয়ার হোসেন বলেন, “বেগম খালেদা জিয়ার গাড়ি বহরের দীর্ঘ পথে জনতার ঢল থেকেই জানা গেছে বিএনপির প্রতি দেশবাসীর অকুণ্ঠ সমর্থন অটুট রয়েছে। এ জনজোয়ারকে নির্বাচনে কাজে লাগাতে প্রতিটি নেতা-কর্মীকে সুসংগঠিত থাকতে হবে।”
সোলায়মান ভূঁইয়া বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ঘুরে দাঁড়িয়েছে। সামনের নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে প্রবাস থেকেও আমাদের সহযোগিতা অব্যাহত রাখতে হবে। যুবদলের নেতা-কর্মীদেরও মাঠে থাকতে হবে।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন- ব্রুকলিন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গির সোহরাওয়ার্দি, রেজাউল আজাদ ভূঁইয়া, এ কে আজাদ, আব্দুস সামাদ টিটু, সমাবেশের জন্য গঠিত উপ কমিটির সদস্য সচিব আমানত হোসেন আমান, প্রধান সমন্বয়কারী সাঈদুর রহমান, যুগ্ম আহ্বায়ক সারোয়ার খান বাবু, সোহরাব হোসেন, খলকুর রহমান, যুগ্ম সদস্য সচিব ওয়েস আহমেদ ও মাজহারুল ইসলাম জনি।
এদিকে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় দায়ীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা ও তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারপারসন আকতার হোসেন বাদল এবং মহাসচিব জসীমউদ্দিন।
এক যৌথ বিবৃতিতে তারা বলেন, “গাড়ি বহরে হামলার মধ্য দিয়ে সরকারি দল তার রাজনৈতিক দেউলিয়াত্বেরই প্রমাণ দিলো।”
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
