সৌদি আরবে নিরাপদ সড়ক দিবস পালিত
সৌদি আরবের মদিনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
স্থানীয় সময় রোববার মদিনায় হোটেল জাইকা মেহরানে ‘নিরাপদ সড়ক চাই’ সৌদি আরব শাখার উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা সৌদি আরবের যুগ্ম আহ্বায়ক মদিনা বাংলাভিশন দর্শক ফোরামের সভাপতি আবদুস সামাদ আজাদ। সঞ্চালনা করেন নিসচা সৌদি আরবের সদস্য সচিব মোহাম্মদ আলী রাশেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা কাজী শাহ আলম। আলোচনা সভায় বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সে কথা বলেন ‘নিরাপদ সড়ক চাই’-এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
এবারের নিরাপদ সড়ক দিবসের স্লোগান ছিলো- ‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি।’
ইলিয়াস কাঞ্চন বলেন, “জাতিসংঘ ঘোষিত এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে ২০২০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৭ কোটি। গাড়ির সংখ্যা ৩০ লাখ। সড়কের পরিধি অনেক বেড়েছে। সে তুলনায় সড়ক দুর্ঘটনার সংখ্যা কমে এসেছে। গত বছর সড়কে দুর্ঘটনা ঘটেছে ২ হাজার ৩৪৭টি। এসব দুর্ঘটনায় নিহত হোন পাঁচ হাজার তিন জন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মদিনা পরিষদের সভাপতি মূসা আবদুল জলিল, অ্যাসোসিয়েশন অব মদিনা অনলাইন অ্যাক্টিভিস্টের সভাপতি ই ম ফরহাদ, রবিউল হোসেন, সৌদি আরব সমাজকল্যাণ পরিষদের সহ সভাপতি মো. নাসিরুদ্দিন, ব্যবসায়ী উসমান গনি ও হাফিজ আহমদ সাগর।
প্রধান আলোচক ছিলেন মদিনা বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার ব্যবস্থা এবং ইসলামী রাষ্ট্রবিজ্ঞানের এমফিল গবেষক যাকারিয়্যা মাহমূদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মোহাম্মদ জাহাঙ্গীর, আমির উদ্দিন চৌধুরী, মামুনুর রশিদ তালুকদার, আবদুল মালেক মাদানী, জহিরুল হুদা আলমগীর, আতিক উল্লাহ, জাবেদ ইকবাল ও মো.শামীম।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
