বই বিক্রেতা থেকে যেভাবে লেখক হলেন প্রবাসী শরিফ
জীবিকার তাগিদে স্থানীয় বাজারে বই বিক্রয় ছিলো তার পেশা, গড়ে তুলেছিলেন ‘শরিফ লাইব্রেরি’। সেই থেকে লেখালেখির প্রতি তার প্রেম ও বন্ধন গড়ে ওঠে।
ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা দিলালপুর গ্রামের শরিফ উদ্দিন, সিরামিক প্রকৌশলে ডিপ্লোমা শেষে ২০০৮ সালে পাড়ি জমান সিঙ্গাপুরে।
প্রবাসী শরিফ তার জীবন জীবন ও কর্ম নিয়ে সম্প্রতি প্রকাশ করেছেন আত্মস্মৃতির বই ‘স্ট্রেনজার টু মাইসেলফ’ বা অচেনা আমি। বইটি প্রকাশ করেছে সিঙ্গাপুরের ‘ল্যান্ডমার্ক’ প্রকাশনী।
শরিফ বলেন, “কাজের ফাঁকে প্রবাস জীবনের স্বপ্ন, সাফল্য ও বেদনার শব্দগুলোর সমন্বয় হচ্ছে এ বই, যার নাম আমি দিয়েছি ‘স্ট্রেনজার টু মাইসেলফ’ বা অচেনা আমি।”
আগামী ৪ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যায় বুগিজে সিঙ্গাপুর জাতীয় গ্রন্থাগারের ষোলতলার হলরুমে বইটির বইটির মোড়ক উন্মোচন হবে বলে জানান তিনি।
বইটির ভূমিকা লিখেছেন সিঙ্গাপুরের লেখক গুই লাই সুই, সম্পাদনা করেছেব থেওপি কেউইক। বাংলা থেকে ইংরেজিতে ভাষান্তর করেছেন রনক জামান, শিভাজি দাস, দেবব্রত বসু ও ইমরুল হাসান।
প্রথম বই প্রকাশের অনুভূতি জানিয়ে লেখক শরিফ উদ্দিন বলেন, “এ অনুভূতির ভাষা থাকে না। মনে পড়ে আমার সন্তানের কথা, এমন অনুভূতি হয়েছিল যখন প্রথম সন্তান ভূমিষ্ঠের খবর শুনেছিলাম।”
তিনি জানান, বইটিতে আছে ২০০৮ থেকে ২০১৬ পর্যন্ত নয় বছরের প্রবাস জীবন ও অন্যান্য প্রসঙ্গ।
১১১টি ছোট প্রবন্ধ নিয়ে ১৭৬ পৃষ্ঠার বইটি উৎসর্গ করা হয়েছে সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী লি কুয়ান ইউকে।
উৎসর্গ নিয়ে জানতে চাইলে লেখক বলেন, “মিশ্র ভাষা ও সংস্কৃতির চমৎকার একটি দেশ সিঙ্গাপুর। আমাদের নিরাপদ জীবিকার জন্য খুব সুন্দর কিছু ক্ষেত্র রেখে গেছেন আধুনিক সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা লি কুয়ান ইউ। তাই বইটি তাকেই উৎসর্গ করা।”
শরিফ জানান, সিঙ্গাপুরে এসে এখানকার বাংলাদেশিদের মাসিক পত্রিকা ‘বাংলার কণ্ঠ’ এর প্রদায়ক হিসেবে তিনি কাজ করেছেন কয়েক বছর। সেসময় ডায়েরি আকারে বইয়ের বেশকিছু পর্ব নিয়মিত প্রকাশিত হয় সেখানে।
২০১২ সালে সিঙ্গাপুর প্রবাসী সাহিত্যপ্রেমীদের প্রকাশিত কবিতা সংকলনে স্থান পায় তার কবিতা।
২০১৪ সালে সিঙ্গাপুরের জনপ্রিয় ‘অভিবাসী কবিতা প্রতিযোগিতা’র চূড়ান্ত পর্বে নির্বাচিত হয় তার কবিতা ‘শ্রমিকের পথচলা’। সেই কবিতা নিয়ে ২০১৫ সালের ১৯ মার্চ বিবিসিতে প্রকাশিত হয় তার জীবন ও কবিতা নিয়ে একটি তথ্যচিত্র।
২০১৬ সালে সিঙ্গাপুরের লেখক গুই লাই সুই সম্পাদিত ‘লেখার দেশ: সাহিত্যে সিঙ্গাপুরের ইতিহাস’ বইয়ে স্থান পায় গাড়ি চাপায় মারা যাওয়া তামিল শ্রমিক ভেলু ও দাঙ্গা নিয়ে লেখা তার কবিতা ‘ভেলু ও ইতিহাস’।
সিঙ্গাপুরে বাংলাদেশি সাহিত্যপ্রেমীদের নিয়ে গঠিত ‘সিঙ্গাপুর বাংলা সাহিত্য পরিষদ’ থেকে বাংলা ও ইংরেজিতে প্রকাশিত ‘পরবাসীকথা’ কবিতা সংকলনে স্থান পেয়েছে তার দু’টি কবিতা।
শরিফ জানান, এ বছরের নভেম্বরে ‘সিঙ্গাপুর রাইটার্স ফেস্টিভ্যাল’-এ তার জীবন ও সাহিত্য নিয়ে থাকবে বিশেষ আলোচনা পর্ব।
সাহিত্য সংগঠক হিসেবেও সিঙ্গাপুরের বাংলাদেশি কমিউনিটিতে পরিচিত শরিফ। তিনি ‘সিঙ্গাপুর বাংলা সাহিত্য পরিষদ’ এর প্রতিষ্ঠাতা সদস্য।
এর আগে সিঙ্গাপুরের বেশকিছু সাংস্কৃতিক সংগঠনের দায়িত্ব পালন করেছেন তিনি, ছিলেন সাহিত্য সংগঠন ‘বাংলার কণ্ঠ সাহিত্য পরিষদ’ এর জেষ্ঠ্য সহ সভাপতি ও সাংগঠনিক সম্পাদক।
‘স্ট্রেনজার টু মাইসেলফ’ বইয়ের প্রচ্ছদেই রয়েছে লেখক শরিফ উদ্দিনের ছবি। পরনে লাল শার্ট আর কাঁধে সবুজ ব্যাগ, নামলিপির ইংরেজি বর্ণমালায় লাল-সবুজ অক্ষর যেন মনে করিয়ে দেয় আমাদের পতাকার কথা।
বইটি পড়ে প্রবাসীরা নতুন করে চিনতে পারবেন নিজেকে। পাঠক জানবেন বাংলাদেশিদের পরবাসী জীবন।
